আকাশবার্তা ডেস্ক :
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার ২৪ সদস্য শপথ নিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে সোমবার (০৭জানুয়ারি) বিকেল ৩টা ৪৮ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের শপথবাক্য পাঠ করান। প্রথমে শপথ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করেন তারা। এরপর তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
পূর্ণমন্ত্রী হিসেবে যারা নিলেন শপথ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ড. আবদুর রাজ্জাক কৃষি মন্ত্রণালয়, আসাদুজ্জামান খাঁন কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ড. হাছান মাহমুদ তথ্য মন্ত্রণালয়, আনিসুল হক আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, আ হ ম মুস্তফা কামাল অর্থ মন্ত্রণালয়, মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ডা. দীপু মনি শিক্ষা মন্ত্রণালয় এবং এ কে আবদুল মোমেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।
এম এ মান্নান পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয়, গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জাহিদ মালেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়, টিপু মুনশি বাণিজ্য মন্ত্রণালয়, নুরুজ্জামান আহমেদ সমাজকল্যাণ মন্ত্রণালয়, শ ম রেজাউল করিম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মো. শাহাব উদ্দিন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, বীর বাহাদুর উ শৈ সিং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি মন্ত্রণালয় ও নুরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রণালয়। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন দু’জন। এর মধ্যে ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং মোস্তাফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় পেয়েছেন।
আর ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে শিল্প মন্ত্রণালয়ে কামাল আহমেদ মজুমদার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ইমরান আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাহিদ আহসান রাসেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নসরুল হামিদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মো. আশরাফ আলী খান খসরু, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বেগম মুন্নুজান সুফিয়ান, নৌ পরিবহন মন্ত্রণালয়ে খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মো. জাকির হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মো. শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে জুনাইদ আহমেদ পলক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফরহাদ হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্বপন ভট্টাচার্য, পানি সম্পদ মন্ত্রণালয়ে জাহিদ ফারুক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মো. মুরাদ হাসান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে শরীফ আহমেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কে এম খালিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ডা. মো. এনামুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মো. মাহবুব আলী এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে শেখ মোহাম্মদ আবদুল্লাহকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি।
এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বেগম হাবিবুন নাহার, পানি সম্পদ মন্ত্রণালয়ে এ কে এম এনামুল হক শামীম এবং শিক্ষা মন্ত্রণালয়ে মহিবুল হাসান চৌধুরীকে উপমন্ত্রী হিসেবে শপথবাক্য পড়ানো হয়। ।
এর আগে, একাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন বঙ্গবন্ধুকন্যা, যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন মাত্রা।
সোমবার (০৭জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে ৩টা ৪০ মিনিটে শপথ বাক্য পাঠ করান।
এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা ৪৭ জন। এর মধ্যে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৪ জন, প্রতিমন্ত্রী রয়েছেন ১৯ জন। এছাড়া উপমন্ত্রী রয়েছেন তিনজন। রোববার (৬ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সদস্য শফিউল আলম মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ও দফতর ঘোষণা করেন।