বিনোদন ডেস্ক :
শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি মুক্তি পাচ্ছে। আগামী ৮ ফেব্রুয়ারি সারাদেশের ৪৫টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ছবিটি। তার বিপরীতে আছেন কায়েস আরজু।চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।
ঢাকার মধুমিতা, বলাকা, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেপ্লেক্স, পুনম, এশিয়া, সৈনিক ক্লাব, রাণিমহল, আনন্দ, রাজমনি, চম্পাকলি, বর্ষা, সাভারের সেনা অডিটরিয়াম।অন্যদিকে ঢাকার বাইরের যশোরের মনিহার, খুলনার লিবার্টি ও সংগীতা, চট্টগ্রামের আলমাস, বরিশালের অভিরুচি, বগুড়ার সোনিয়া, দিনাজপুরের মডার্ণ, সৈয়দপুরের তামান্না, রংপুরের শাপলা, ফরিদপুরের বনলতা, টাঙ্গাইলের মালঞ্চ, কল্লোল, রাজিয়া, হবিগঞ্জের মোহন, দাউদকান্দির ঝর্ণা, গোবিন্দগঞ্জের হীরক সিনেমা হলগুলো উল্লেখযোগ্য।

আরজু-পরীমণি ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন।চিত্রনায়িকা পরীমনি বলেন, দীর্ঘদিন পর আমার নতুন একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। সাধারণ প্রেম-ভালোবাসার গল্পের বাহিরে গিয়ে খুবই চমৎকার একটি গল্পের এ ছবিটিতে আরজুর সাথে আমার রসায়ন, খুনসুটি, ঝগড়া দর্শকদের ভালো লাগবে বলে আশা করি।

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর এই প্রথম বাংলার ছবির স্টাইল আইকন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ অভিনীত কোন গান রিমেক করা হয়েছে। ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম’। জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ ছবির গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। পরিচালকের লেখা, আবু তাহেরের সুর ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন এবং আগুন।সালমান-শাবনূর জুটি অভিনীত এই গানটি আবারও নতুনভাবে দেখা ও শোনা যাবে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে। নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও খেয়া। সঙ্গীত আয়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন।