আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে ১২টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার দাসেরহাট বাজারের ছায়ানীড় সুপার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ইউনিটের লিডার মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ছায়ানীড় সুপার মার্কেটের ব্যবসায়ী জলিলের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মার্কেটের ২টি মুদি দোকান, ২টি গুদাম, ২টি হার্ডওয়ার দোকান, ৩টি ইলেক্ট্রিক দোকান, ২টি চা দোকান, ১টি সেলুন ও ১টি কনফেকশনারীসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। দুই ঘন্টাব্যাপী চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।