আকাশবার্তা ডেস্ক :
গত ০১ মার্চ শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক মেহেরাব হোসেনকে না পেয়ে তার বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করেছে সরকার দলীয় সন্ত্রাসীরা। এতে তার মা বাধা দিলে সন্ত্রাসীরা হকিস্টিক দিয়ে পিটিয়ে তার হাত ভেঙ্গে দেয়। পরে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় স্থানীয় এসএমকে হাসপাতালে ভর্তি করেন।
সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় মেহেরাবকে যেখানে পাওয়া যাবে, তাকে সেখানেই হত্যা করার হুমকি দেয়। এলডিপি নেতা মেহেরাব হোসেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।
ক্ষতিগ্রস্ত মেহেরাব হোসেনের বড় ভাই এ ব্যাপারে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। পুলিশ জানায়, সন্ত্রাসীরা সরকার দলীয় লোক হওয়ায় তাদের বিরুদ্ধে কিছুই করা সম্ভব নয়।
এ দিকে এলডিপি নেতা মেহেরাব হোসেনের পরিবারের সদস্যরা জানান, ২০১৭ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সফল ভাবে পালন করার পর বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎপেতে থাকা সরকার দলীয় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ী মারতে থাকে। এতে মেহেরাবের শরীরে মারাত্মকভাবে ফুলা জখম হয়।
পরে তার শোরচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এরপর থেকে প্রাণভয়ে মেহেরাব হোসেন নিজ এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়ে লুকিয়ে থাকেন।
মেহেরাব হোসেন একজন ভালো সংগঠক হিসাবে এলডিপির সকল কর্মকান্ড সফলভাবে পালন করেন। যার কারণে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার উপর ক্ষিপ্ত হয়।
এ ব্যাপারে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা গ্রহণ করেনি।