স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৪৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ফলে ইংল্যান্ডের টার্গেট দাড়িয়েছে ৩৪৯ রান। ফিফটি হাঁকিয়েছেন বাবর আজম, মোহাম্মদ হাফিজ এবং সরফরাজ আহমেদ।
সোমবার (৩ জুন) ইংল্যান্ডের নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। পাকিস্তানের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন ফখর জামান আর ইমাম-উল-হক। ইনিংসের ১৫তম ওভারে বিদায় নেন ফখর জামান।
মঈন আলির বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ার আগে ৪০ বলে ছয়টি চারের সাহায্যে করেন ৩৬ রান। দলীয় ৮২ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। দলীয় ১১১ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয়। মঈন আলির বলে ক্রিস ওকসের হাতে বল তুলে দেওয়ার আগে পাকিস্তানের আরেক ওপেনার ইমাম উল হক ৫৮ বলে তিনটি চার আর একটি ছক্কায় করেন ৪৪ রান।
দলীয় ১৯৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। বিদায় নেন বাবর আজম। মঈন আলির তৃতীয় শিকারে বিদায়ের আগে ৬৬ বলে চারটি চার আর একটি ছক্কায় বাবর আজম করেন ৬৩ রান। সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ দলীয় ২৭৯ রানের মাথায় বিদায় নেন। মার্ক উডের বলে আউট হওয়ার আগে খেলেন ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস। হাফিজের ৬২ বলে সাজানো ইনিংসে ছিল আটটি চার আর দুটি ছক্কার মার। এরপর মার্ক উড ফিরিয়ে দেন ১৪ রান করা আসিফ আলিকে।
ইনিংসের ৪৮তম ওভারে ক্রিস ওকস বিদায় করেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদকে। ৪৪ বলে পাঁচটি বাউন্ডারিতে ৫৫ রান করেন সরফরাজ। একই ওভারে ওকসের বল তুলে মারতে গিয়ে বিদায় নেন ওয়াহাব রিয়াজ (৪)। শেষ ওভারে ক্রিস ওকস তার তৃতীয় শিকার বানান ৮ রান করা শোয়েব মালিককে। শাদাব খান ১০, হাসান আলি ১০ রান করে অপরাজিত থাকেন। ক্রিস ওকস তিনটি, মঈন আলি তিনটি আর মার্ক উড দুটি করে উইকেট পান।
দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। আর উইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে পাকিস্তান। আইসিসির প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে ইংল্যান্ড পাকিস্তানের থেকে ঢের এগিয়ে। পাকিস্তানের থেকে ছয় ধাপ এগিয়ে ইংলিশদের অবস্থান শীর্ষে। অন্যদিকে পাকিস্তানের অবস্থান সাত নম্বরে। রেটিং পয়েন্টের ব্যবধানও নেহাত কম নয় দু’দলের। শীর্ষে থাকা ইংলিশদের রেটিং ১২৫, সেখানে পাকিস্তানের রেটিং পয়েন্ট ইংলিশদের থেকে ২৯ কম (৯৪)।
এবার যেন ময়দানের লড়াইয়েও অনেক পিছিয়ে আছে পাকিস্তান। জয়ের মুখ দেখেনি শেষ এগার ম্যাচের একটিতেও। বিশ্বকাপ শুরুর আগে শেষ দুই সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ তে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। আবার ইংলিশদের বিপক্ষেও ৪-০ তে ধবলধোলাই হয়েছে তারা। এমনকি বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষেও হেরেছে সরফরাজ, শোয়েব মালিকদের দলটি।
বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ৯টি, ইংল্যান্ড জয়ী: ৪টি। পাকিস্তান জয়ী: ৪টি। পরিত্যক্ত: ১টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ৮২টি। ইংল্যান্ড জয়ী: ৪৯টি। পাকিস্তান জয়ী: ৩১টি। ড্র: ০টি ম্যাচ পরিত্যক্ত: ২টি।
ইংল্যান্ড জয় দিয়ে শুরু করেছে বিশ্বকাপ অভিযান। এবার সামনে পাকিস্তান। যারা প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটে হেরে বিশ্বকাপের সব থেকে শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামছেন সরফরাজ আহমেদরা। বিশ্বকাপে তাঁরা দ্বিতীয় সর্বনিম্ন স্কোরও করে ফেলেছেন এবার।
ব্যাটিং কন্ডিশনের নটিংহ্যামেও সেরা রান করতে পারেনি পাকিস্তান। সেদিক থেকে দেখতে গেলে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে আয়োজক দেশ। এই পাকিস্তানের বিরুদ্ধে ২০১৬তে ৪৪৩/৩ ও ২০১৮তে এই পাকিস্তানের বিরুদ্ধেই রেকর্ড ৪৮১-৬ রান করে ইংল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড দলে ডাকা হতে পারে মার্ক উডকে।
পাকিস্তান দল : ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, মহম্মদ হাফিজ, সরফরা আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, হাসান আলি, ওয়াহাব রিয়াজ, মহম্মদ আমির।
ইংল্যান্ড দল : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মর্গ্যান, বেন স্টোকস, জোস বাটলার, মইন আলি, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।