আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের ৩টি উপজেলার ৩ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম বেল্লাল হোসেন আনারস প্রতীকে ৩ হাজার ৬৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯২৯ ভোট।
কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসান উল্যাহ হিরণ নৌকা প্রতীকে ২ হাজার ৮২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪৩৭ ভোট।
রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাসান মাকসুদ মিজান নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনে চেয়ারম্যান পদে হাসান মাকসুদ মিজান (নৌকা) পেয়েছেন ২ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মিরাজ (আনারস) পেয়েছেন ২ হাজার ২২২ ভোট।
উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ও কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় এবং রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত্যুবরণ করায় এই ৩টি ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।