আকাশবার্তা ডেস্ক :
তুই বলে সম্বোধন করায় গাজীপুরে কিশোর গ্যাং চক্রের হাতে অপর এক কিশোর খুন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মহানগরের রাজদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম নূরুল ইসলাম (১৫)। সে শেরপুরের শ্রীবর্দী থানার ভাকার্তা এলাকার ফকির আলীর ছেলে। নূরুল একটি চায়ের দোকানে কাজ করতো বলে জানা গেছে। ফকির আলী পরিবার নিয়ে রাজদীঘি পার্শ্ববর্তী টাঙ্কির পাড় এলাকার ফরিদ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশের ধারণা, নূরুল ইসলাম কিশোর গ্যাং চক্রের সদস্য। সিনিয়র-জুনিয়র নিয়ে সে কিশোর গ্যাংয়ের এক সদস্যের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফি জানান, ওই চক্রের এক সিনিয়র সদস্যকে ‘তুই’ বলে সম্বোধন করায় নূরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে বলে জানান ওসি।নিহতের বাবা ফকির আলী জানান, তার এক ছেলে দুই মেয়ে। নূরুল ইসলাম সবার বড়। আগে তারা শহরের সাহাপাড়ায় বসবাস করতেন। তিন দিন আগে বাসা পরিবর্তন করে তারা টাঙ্কিরপাড় এলাকায় আসেন।