আন্তর্জাতিক ডেস্ক :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমার শরীরে রক্ত থাকতে এ রাজ্যে এনআরসি হতে দেব না।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কলকাতার শ্যামবাজার পাঁচ মাধার মোড়ে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
নাগরিকপঞ্জি করে রাজ্যের প্রায় দু’কোটি মানুষকে দেশছাড়া করার যে হুমকি বিজেপি নেতারা দিচ্ছেন, তার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে মমতা বলেন, পারলে একজন লোকের গায়ে হাত দিয়ে দেখাও! এজেন্সি কোথায় থাকে আর মানুষ কোথায় থাকে দেখে নিব ভাল করে।
আসামে নাগরিকপঞ্জিতে ১৯ লক্ষ লোকের নাম বাদ দেয়ার প্রসঙ্গে মমতা বলেন, আসামে লক্ষ লক্ষ পুলিশ দিয়ে মুখ বন্ধ করতে পারলেও এখানে আমাদের মুখ বন্ধ করা অত সহজ হবে না। এখানে পুলিশ আনলে পাল্টা জবাব দেবো।
মমতা প্রশ্ন তোলেন, আমি স্বাধীন দেশের নাগরিক। কতবার আমাকে পরাধীন হতে হবে? এখন কেন প্রমাণ দিতে হবে আমি এ দেশের নাগরিক কি না?
তিনি বলেন, যারা বাংলায় বাস করেন, তারা বাংলারই নাগরিক। যে যে ভাষায় কথা বলেন, সেটাই তার বৈশিষ্ট্য।
এনআরসি বন্ধ করার আন্দোলনে সবাইকে তৃণমূলের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে মমতা বলেন, বিজেপির টাকা আর এজেন্সির বিরুদ্ধে লড়তে পারে একমাত্র তৃণমূল। এখানে সিপিএম, কংগ্রেসের অস্তিত্ব নেই। কে কোন দল করেন, ভুলে যান। আমি চাই, এ লড়াইয়ে ছাত্র-যুবকরা এগিয়ে আসুক।