নিজস্ব প্রতিবেদক :
হামদর্দ ল্যাবরেটরীজ ওয়াকফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চীফ মোতাওয়াল্লী ড. হাকীম ইউছুফ হারুন ভূঁইয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় বিস্মিত ও ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ্মীপুরের স্থানীয় মুক্তিযোদ্ধারা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার চৌপল্লী বাজারের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন, আওয়ামীলীগ নেতা ফিরোজ মাহমুদ বাকী, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা হান্নান দফাদার ও স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী এবং পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেয়।
এ সময় বক্তারা উত্থাপিত অভিযোগ মিথ্যা দাবি করে দেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান হামদর্দ এর ব্যবস্থাপনা পরিচালক ও চীফ মোতাওয়াল্লী ড. হাকীম ইউছুফ হারুন ভূঁইয়াকে হয়রানির নিন্দা জানান।
এই চক্রান্ত ষড়যন্ত্রকে দেশের সর্ববৃহৎ ঔষধ উৎপাদনকারি প্রতিষ্ঠানকে ধ্বংসের ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন বক্তারা।