ক্যাম্পাস প্রতিবেদক, বুয়েট :
আবরার হত্যায় জড়িতদের দ্রুত স্থায়ী বহিষ্কার, র্যাগিং ও ছাত্ররাজনীতি সংশ্লিষ্টতায় শাস্তির বিধান রেখে নীতিমালা প্রণয়নসহ প্রশাসন সকল দাবি মেনে নেয়ায় আন্দোলন সমাপ্তের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল চারটায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাহমুদুর রহমান সায়েম।
তিনি বলেন, প্রশাসনের নানা পদক্ষেপে আমরা সন্তুষ্ট। আমাদের সব দাবি মেনে নিয়েছে প্রশাসন। তাই সব ধরনের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হলো। ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা।
গত অক্টোবরে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার পর ১১ দফা দাবি নিয়ে আন্দোলনে নামে বুয়েট শিক্ষার্থীরা। হত্যায় জড়িতদের শাস্তি প্রদান ও স্থায়ী বহিষ্কারসহ শিক্ষার্থীদের সব দাবি একের পর এক মেনে নেয় প্রশাসন।
সবশেষ গেলো সোমবার রাতে র্যাগিং ও ছাত্র রাজনীতিতে জড়িত থাকলে সতর্ক করা, জরিমানা ও বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি নির্ধারণ করে নীতিমালা চূড়ান্ত করে বুয়েট প্রশাসন। দাবি পূরণ হওয়ায় পরীক্ষায় বসতে রাজি হয়েছেন শিক্ষার্থীরা। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপেও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে।