নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোর রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পুলিশ বলছে, দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে নিহত হয়েছেন তারা। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৪ রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা এবং দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, দত্তপাড়া ইউপির দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন ও বড়ালিয়া গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে খোরশেদ আলম। স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মাখন লাল রায় জানান, খোরশেদের বিরুদ্ধে ১২টি ও শাহাদাতের বিরুদ্ধে ৯ টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় যে কোনো বাহিনীর সদস্যদের দুই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক মাখন লাল রায়।