বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের দাসের পোল এলাকা থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ছালি কবিরকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। ছালি কবির একই ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের নুরনবীর পুত্র।
পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী ছালি কবির দাসের পোল এলাকায় অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী ছালি কবিরকে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে পুলিশ।
অভিযানকালে ছালি কবিরের এক সহযোগী পালিয়ে যায়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজিদুর রহমান জানান, গ্রেফতারকৃত ছালি কবিরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগেও ছালি কবির অস্ত্রসহ কয়েকবার গ্রেফতার হয়েছিল। সম্প্রতি জামিনে বেরিয়ে এসে পুনরায় সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে সে।