আন্তর্জাতিক ডেস্ক :
চীনসহ বিশ্বের প্রায় দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আর এ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এদিকে, দিল্লিতে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এবার গোমূত্র পার্টি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে হিন্দু মহাসভা।
এক সাক্ষাৎকারে সংগঠনের সভাপতি চক্রপাণি মহারাজ একথা জানিয়েছেন। তিনি বলেন, এই অনুষ্ঠানে গোমূত্র বিলির জন্য আলাদা কাউন্টার থাকবে। এখান থেকে লোকজন পানের জন্য গোমূত্র সংগ্রহে করতে পারবেন। পাশাপাশি ঘুঁটে এবং গোবরের তৈরী ধুপকাঠি পাওয়া যাবে।
তিনি জানান, এই সমস্ত জিনিসপত্র ব্যবহার করলে সঙ্গে সঙ্গে করোনাভাইরাস ধ্বংস হয়ে যাবে।
চক্রপাণি মহারাজ বলেন, চা পার্টির মতো আমরা গোমূত্র পার্টি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এই সমস্ত গোমূত্র পার্টিতে করোনাভাইরাস কি এবং গোজাত পণ্য গ্রহণ করলে কীভাবেই এই রোগ থেকে বাঁচা যায় সে সম্পর্কে সাধারণ মানুষকে বোঝাবো।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। করোনা আতঙ্কে এবার কোনও হোলি মিলন অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী স্বয়ং পরিস্থিতির ওপরে নজর রাখছেন।
এই পরিস্থিতিতে করোনা রুখতে গোমুত্র এবং গোবরের ওপরেই প্রবল আস্থা দেখিয়েছেন হিন্দু মহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ। এই মারণ ভাইরাস নির্মূল করতে গোমূত্র, গোবর এবং গোজাত সামগ্রীর উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।