আকাশবার্তা ডেস্ক :
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে লক্ষ্মীপুরে আনার পথে একটি ট্রাকে ৯০০৭ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১১।
এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে র্যাব-১১ এর সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে মঙ্গলবার গভীররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, মোঃ সুমন, ওলি উল্যাহ ও জয়নাল আবেদীন।
র্যাব-১১ এর নারায়ণগঞ্জ শাখা অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার সাংবাদিকদের জানান, গোপনে কক্সবাজার থেকে লক্ষ্মীপুর জেলার বিভিন্নস্থানে সরবরাহের উদ্দেশ্যে একটি ট্রাক যোগে ৩ মাদক ব্যবসায়ী আসারপথে মঙ্গলবার গভীররাতে চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ট্রাক থেকে ৯০০৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ও ইয়াবা নোয়াখালী-লক্ষ্মীপুর জেলার আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে।
মূলত ট্রাক চালানো তাদের একটি ছদ্মবেশ মাত্র। জিজ্ঞাসাবাদে আটককৃতরা এভাবে অভিনব কৌশলে ইয়াবা পাচার করে আসছে বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায় র্যাব।
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে পুলিশের সহযোগিতায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।