আকাশবার্তা ডেস্ক :
মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরো দুই হাজার ২৯ জন। যা এখনো পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৩০ হাজার ৩২১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরো ১৫ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৫৫৯ জন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৭১৪। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৩ হাজার ৭৮৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখ ৮ হাজার ৯৪৪ জন।