আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুর পৌর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি মো. সোলায়মানকে (৩০) আটক করেছে র্যাব-১১। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ২নং ওয়ার্ডস্থ পানির ট্যাংক রোড এলাকায় ওই যুবকের ভাড়া বাসায় অভিযান চালায় র্যাব-১১ এর লক্ষ্মীপুর ইউনিট। এসময় চার কার্টুনে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশি মদসহ সোলায়মানকে আটক করা হয়।
আটককৃত সোলায়মান পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ বাঞ্চানগর গ্রামের শামছুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ওই সড়কে দীর্ঘদিন যাবত মাদক কারবার পরিচালনার অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ জানান, লক্ষ্মীপুর পৌর শহরের পানির ট্যাংকি রোডস্থ আবাসিক বাড়িতে ভাড়া বাসায় বিপুল পরিমাণ মদসহ মাদকদ্রব্য আনা হয়েছে। এমন গোপন সংবাদে ওই বাড়িতে অভিযান চালায় র্যাব। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া অপর জড়িত যুবক রকিকে আটকের চেষ্টা চলছে।