আন্তর্জাতিক ডেস্ক :
জয়ের পথে আছি। বিজয় আমাদেরই হবে। এটা নিশ্চিত। জাতি ডেমোক্র্যাটদের সঙ্গে আছে। নির্বাচনের চূড়ান্ত ফল এখনো আমাদের হাতে আসেনি। তবে বিভিন্ন অঙ্গরাজ্যের ফল দেখে বোঝা যাচ্ছে, আমরা জিততে যাচ্ছি।
স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।
ভাষণে জয়ের আভাস দিলেও চূড়ান্ত কোনো ঘোষণা দেননি সাবেক ভাইস প্রেসিডেন্ট। জর্জিয়া, পেনসিলভেনিয়া, নেভাডা ও অ্যারিজোনায় আমরা এখন এগিয়ে। সাত কোটি ৪০ লাখ আমেরিকান আমাদের ভোট দিয়েছেন। আমি আবার বলতে চাই, সাত কোটি ৪০ লাখ!’
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট প্রার্থী এর আগে এত ভোট পাননি। এসময় সবাইকে চূড়ান্ত ফলের জন্য শান্ত হয়ে অপেক্ষার আহ্বান জানান তিনি।
ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বলেন, জাতিগত অবিচার, জলবায়ু পরিবর্তন, করোনাভাইরাস মহামারি, অর্থনৈতিক অস্থিতিশীলতা নিয়ে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) আলোচনা হয়েছে।
করোনায় যারা স্বজন হারিয়েছেন, তাদের সমবেদনা জানাচ্ছি। সবাই মিলে করোনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। বেকারত্ব কমিয়ে আনার চেষ্টা করব।
মত প্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ টেনে ওবামার রানিং মেট বলেন, গণতান্ত্রিক দেশে ভিন্ন মতাবলম্বীদের কথাও শোনা হয়। গণতন্ত্র সমুন্নত রাখতে ভিন্নমত থাকা জরুরি। যারা আমাদের ভোট দিয়েছেন আর যারা ভোট দেননি, তাদের সবার কথা শুনব আমরা। আমাদের দেশে সমস্যা আছে। দেশে বিদ্যমান সমস্যা না বাড়িয়ে সেসব নিরসনের চেষ্টা করব আমরা।
আমরা সবাইকে একত্রিত করতে চাই। শত্রু সৃষ্টি আমাদের লক্ষ্য না। এই দেশকে আমাদের সন্তান, তাদের সন্তানের জন্য বসবাসের উপযুক্ত করতে চাই।