আকাশবার্তা ডেস্ক :
রোববার রাজধানীর মোহাম্মদপুর থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের পর দেশজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপার এই তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে চট্টগ্রামসহ হেফাজত অধ্যুষিত এলাকায় পুলিশ অবস্থান নিয়েছে বলেও জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সুপার বলেন, শনিবার রাত ও রোববার সকালে পুলিশকে সতর্ক থাকতে বার্তা দেয়া হয়েছে। এছাড়া পুলিশের যেসব থানায় বাঙ্কার তৈরি করা হয়েছে, সেখানে ২৪ ঘণ্টা দুইজন পুলিশ সদস্যকে অন-গার্ড (বন্দুক তাক করে) থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সব এসপি ও রেঞ্জ ডিআইজিকে নিজ জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকার একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, থানাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া থানা এলাকার মাদরাসা ও মসজিদগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজের পর মসজিদ ও মাদরাসাগুলোতে যাতে কেউ জড়ো হতে না পারে, সে বিষয়ে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের (ডিসি) কার্যালয়ে নেয়া হয়।
ডিসি হারুন-অর-রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে মামুনুলকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।