আকাশবার্তা ডেস্ক :
সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই ধর্ষণের ঘটনা ঘটে।
পরে ওই নারী ছয় অভিযুক্তের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আবদুর রশিদ শনিবার সকালে বিষয়টি জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা আবদুর রশিদ জানান, চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে থানা হেফাজতে রাখা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
আশুলিয়া থানা-পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর বোন মানিকগঞ্জে থাকেন। গতকাল শুক্রবার তিনি বোনের বাসায় যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নারায়ণগঞ্জে নিজের বাসায় ফেরার জন্য তিনি বাসে ওঠেন। রাত আটটার দিকে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে তাঁকে নামিয়ে দেওয়া হয়। এ সময় বাসের জন্য তিনি অপেক্ষা করতে থাকেন। রাত নয়টার দিকে নিউ গ্রামবাংলা পরিবহনের একটি মিনিবাসের চালকের সহকারী মনোয়ার ও সুপারভাইজার সাইফুল ইসলাম এসে টঙ্গী স্টেশন রোডের কথা বলে তার কাছে ৩৫ টাকা ভাড়া চান।
এজহারে আরও বলা হয়েছে, তিনি মিনিবাসে উঠলে গন্তব্যে যাওয়ার আগেই সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। চালক বাসটি নিয়ে আবার নবীনগরের দিকে রওনা হন। এ সময় বাসের জানালা ও দরজা আটকে বাসের চালক, সহকারীসহ ছয়জন ওই নারীকে ধর্ষণ করেন। টহল পুলিশ বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় ওই ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।