আকাশবার্তা ডেস্ক :
শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুসারে করোনা পরিস্থিতির অবনতি না হলে আগামী ১৩ জুন খুলতে যাচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। আর বিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গেই খুদে শিক্ষার্থীরা পাচ্ছে ১ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর উপহার।
গণশিক্ষা মন্ত্রণালয় ও উপবৃত্তি প্রকল্প সূত্র জানিয়েছে, কোনো কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলেও জুনের মধ্যে এ টাকা পাবে শিক্ষার্থীরা। জামা-জুতা কেনার জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত কিডস অ্যালাউন্স হিসেবে এ টাকা দেয়া হবে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী বলেন, এখন ২০২০ সালের শেষ ছয় মাসের উপবৃত্তি বিতরণ করা হচ্ছে। এটা শেষ হলেই জামা-জুতা কেনার জন্য এককালীন এক হাজার টাকা বিতরণ শুরু হবে। সব ধরনের প্রস্তুতি শেষ। তবে ১৩ জুন স্কুল খুললে, দীর্ঘদিন পর শিক্ষার্থীদের স্কুলে আসার উপহার হিসেবে এ টাকা দেওয়া হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ছয় মাসের উপবৃত্তি বিতরণ চলছে। এ টাকা বিতরণ শেষ হওয়ার পর জুনের ১০ তারিখের পর জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ এক হাজার টাকা বিতরণ শুরু হবে। তবে ১৩ জুন যদি স্কুল খুললে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষার্থীদের উপহার হিসেবে এ টাকা ১৩ জুনের পর ছাড়া হবে। কোনো কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ১৩ জুন খোলা সম্ভব না হলেও এ টাকা বিতরণ করা হবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, সারাদেশে প্রাথমিক স্কুলে কিডস অ্যালাউন্স পাওয়ার যোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ১০ লাখের কিছু বেশি। এ শিক্ষার্থীর কিডস অ্যালাউন্স বাবদ প্রায় ১১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া উপবৃত্তির দুই কিস্তির বকেয়া পরিশোধ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, নানা জটিলতা এবং অর্থ সঙ্কটের কারণে প্রায় এক বছর পর গত বছরের জুলাই-ডিসেম্বর মাসের উপবৃত্তি পাচ্ছে এ বছর জুন মাসে। ২০২০ সালে বছরের প্রথম দিন নতুন বইয়ের সঙ্গে জামা-জুতা কেনার জন্য এককালীন এক হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছর অর্থ ছাড়ের জটিলতায় তা দেওয়া সম্ভব হয়নি। আর ২০২১ সালের করোনার কারণে শিক্ষার্থীরা স্কুলে না এসে নতুন বই সংগ্রহ করেছে। ফলে এ বছরের প্রথম দিনে এ টাকা দেওয়া সম্ভব হয়নি।