শনিবার ৭ই মার্চ, ২০২৬ ইং ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে যাওয়া যাবে বাড়ি

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত হচ্ছে। সোমবার (১২ জুলাই) এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে। তবে ঈদের পর আবারও ১৪ দিনের জন্য কঠোর লকডাউনে যাচ্ছে দেশ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। যে কোনো সময় জারি হবে প্রজ্ঞাপন।

চলমান লকডাউন আগামী ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।  ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করবে। এই সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি চলবে। বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি অফিস। কোরবানির পশুর হাটের বিষয় বিবেচনা করে বিধি-নিষেধ শিথিলের সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোজার ঈদে মানুষজন যেভাবে বাড়ি গিয়েছেন, সে বিষয়গুলোকে এবার চিন্তায় রেখেছেন সরকারের নীতি নির্ধারকরা। তাই গণপরিবহন খুলে দেয়াকে অপেক্ষাকৃত ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন তারা।

রোজার ঈদে বাসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রেখেছিল সরকার। কিন্তু এসব বাধা উপেক্ষা করে ঈদের আগে ঘরমুখী হয় মানুষ। ফেরিঘাটে ঘরমুখী মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেয়েছিল সরকার।

কর্তৃপক্ষের অনুরোধ তোয়াক্কা না করে বাড়িমুখী হয়েছিল লাখ লাখ মানুষ। গত ১২ মে মাদারীপুরের বাংলাবাজারে দুটি ফেরি থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ভিড়ের চাপে পাঁচজনের মৃত্যুও হয়। ওই ঘটনায় পদদলিত হয়ে আহত হয় অর্ধশতাধিক। এসব ঘটনা এড়াতেই এবারের ঈদে গণপরিবহন চালু রাখতে চাচ্ছে সরকার।

ঈদুল আজহায় লঞ্চ চলাচল করবে কি না- এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

সোমবার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যবিধি বিষয়ক একটি কমিটি রয়েছে। তারা লঞ্চ চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন। যেহেতু এখন দেশে করোনার মহামারি চলছে, সেহেতু ঈদে লঞ্চ চলবে কি না- তা মন্ত্রিপরিষদই সিদ্ধান্ত নেবে।

১ জুলাই থেকে চলমান লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কারও বাড়ির বাইরে আসা বারণ। রিকশা ছাড়া বন্ধ সব ধরনের গণপরিবহন। এ অবস্থা চলবে বুধবার মধ্যরাত পর্যন্ত।

মানুষের অযাচিত চলাচল ঠেকাতে বসানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত। সড়কে পড়তে হচ্ছে পুলিশি তল্লাশির মুখে। লকডাউন ও স্বাস্থ্যবিধি মানাতে মাঠে আছে বিজিবি ও সেনাবাহিনী।

এদিকে আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রোববার (১১ জুলাই) দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১