আকাশবার্তা ডেস্ক :
আফগানিস্তানের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শপথ না নেওয়া পর্যন্ত বাংলাদেশ দেশটিকে স্বাগত জানাতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
সোমবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত সুদৃৃঢ়। যদিও ভাতৃপ্রতিম ওই রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক সময়ে কিছুটা ভাটা পড়েছে। আমরা চাই আফগানিস্তানের জনগণের জানমালের ক্ষতি না হোক। সেখানে সক্রিয় সমস্ত রাজনৈতিক শক্তির প্রতি এটাই বাংলাদেশের আহ্বান।
প্রতিমন্ত্রী বলেন, আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ভয়ের কিছু নেই। তবে আমরা সতর্ক আছি এখানে উগ্রপন্থার উত্থান ঠেকাতে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। আমরা এতে অত্যন্ত সফল হয়েছি, বিশেষ করে হলি আর্টিজানের ঘটনার পর।
আফগানিস্তানে থাকা বাংলাদেশিদের প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, ‘আফগানিস্তান থেকে তিন বাংলাদেশিকে নিরাপদে অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া আরও সাত বাংলাদেশি নাগরিককে নিরাপদে নেওয়ার প্রক্রিয়া চলমান। এরচেয়ে বেশি তথ্য আমরা এখন প্রকাশ করতে চাচ্ছি না।’
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আফগানিস্তানের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কাতার মধ্যস্থতার ভূমিকায় রয়েছে। সাম্প্রতিক সফরে কাতারে আমার কাউন্টার পার্টের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, ২০ বছর আগের তালেবান আর আজকের তালেবান এক হবে না। সেই সময়ে তারা যেসমস্ত নীতি নিয়েছিল তার অনেক কিছুই আমাদের বাংলাদেশে বা অনেক দেশের মৌলিক নীতির সঙ্গে মিল ছিল না।