শনিবার ৭ই মার্চ, ২০২৬ ইং ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে দালাল ধরতে র‌্যাবের অভিযান

আকাশবার্তা ডেস্ক : 

সারাদেশে বিআরটিএ, পাসপোর্ট অফিস ও সরকারি হাসপাতালগুলোতে একযোগে অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সারাদেশে আজ সকাল থেকে দালালদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন একযোগে অভিযানে নেমেছে। পাসপোর্ট অফিস, বিআরটিএ কার‌্যালয়, সরকারি হাসপাতালসহ যেখানেই দালালদের দৌরাত্ম্য, সেখানেই অভিযান পরিচালনা করছে র‌্যাব। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের বাইরে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি) বসিয়ে প্রশাসনের কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের মনিটরিং করছে দালালরা। গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর র‌্যাব এ অভিযান শুরু করে।

এরইমধ্যে ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পাসপোর্ট অফিসে দালালদের বিরুদ্ধে একযোগে অভিযান পরিচালনা করে ৫১ জনকে আটক করেছে র‌্যাব।

এছাড়া চট্টগ্রামের অভিযান চালিয়ে বিআরটিএ আঞ্চলিক কার্যালয় থেকে ২১ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে ৭ জন দালালকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তাদের জেল জরিমানা করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিয়ষটি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম বিআরটিএ’র আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল সন্দেহে ৩২ জনকে আটক করা হয়। পরে যাচাইবাচাই করে ২১ জনেরর বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে চট্টগ্রামে মেডিক্যাল কলেজেও ৭ দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে জেল এবং ২ জনকে জরিমানা করা হয়।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিআরটিএ ও পাসপোর্ট কর্তৃপক্ষের সহযোগিতায় একযোগে অভিযান শুরু করে র‌্যাব-১০ এক পৃথক দল।

সর্বশেষ খবর অনুযায়ী, বিআরটিএ অফিসে দালালির অভিযোগে ৩৬ জন ও পাসপোর্ট অফিসে দালালির অভিযোগে ১৫ জনকে আটক করে র‌্যাব-১০। পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০’র সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।

অন্যদিকে, পৃথক অভিযানে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ দালাল আটক করেছে র‌্যাব-৩’র একটি দল।

আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় রোববার সকাল থেকে অভিযানে নেমেছে র‌্যাব-২ এর একটি দল। সেখানে দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাব-২ এর মোবাইল কোর্ট চলমান রয়েছে।

র‌্যাব-২’র সহকারী পরিচালক এএসপি ফজলুল হক জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। প্রাথমিক তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

এছাড়া নোয়াখালীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে পাসপোর্ট দালালচক্রের আট সদস্যকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

আটকরা হচ্ছেন- বেগমগঞ্জের একলাশপুর গ্রামের আবুল হাশেম (৪২), মো. ইমাম উদ্দিন (৩২), নুর মোহাম্মদ বাবু (৩০), মো. দ্বীন ইসলাম (২৫), পূর্ব একলাশপুরের সোহেল রানা (২৬), অনন্তপুরের আবুল হাসেম (২৩), মো. জাহাঙ্গীর (৩০), ও বিনোদপুরের আসাদুজ্জামান (৩৪)।

র‌্যাবের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।

তিনি জানান, আটক দালালরা নিজেদের দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে তিন থেকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আটকদের কাছ থেকে পাসপোর্ট তৈরি করে দেওয়ার নামে নেওয়া কাগজপত্রও উদ্ধার করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১