আকাশবার্তা ডেস্ক :
নোয়াখালী জেলা কারাগার থেকে আসামি নিয়ে লক্ষ্মীপুর কারাগারে যাওয়ার পথে পুলিশের একটি মাইক্রোবাসের এয়ার ফিল্টার বিস্ফোরণে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা ৪ আসামিও আহত হয়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুই পুলিশ কনস্টেবলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- রাকেশ ও বেসান্ত।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নোয়াখালী কারাগার থেকে ৪ আসামিকে লক্ষ্মীপুর নেয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এ সময় কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।