আকাশবার্তা ডেস্ক :
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমাদের বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। এই ইউপি নির্বাচন সবসময় আপনারা দেখে আসছেন গোষ্ঠী-গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন। এখানে সবসময়ই একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে।
মন্ত্রী বলেন, বেশ কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথার্থভাবে চিহ্নিত করেছে। দোষীদের ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছে। যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলে গিয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। সেটিই করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন।
এদিকে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার উপজেলার দুর্গম চরাঞ্চল বাশগাড়ীতে প্রতিপক্ষের হামলায় তিনজন, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে একজন ও কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে বাশগাড়ীতে তিনজনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সহিংসতায় হতাহত হলেও বাশগাড়ীতে ভোট গ্রহণ চলছে।
নিহতরা হলেন, বাঁশগাড়ীর বালুয়াকান্দি গ্রামের হেকিম মিয়ার ছেলে মো. সালাউদ্দিন মিয়া (৩০), সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (২৬) এবং আব্দুল হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৬)।
নিহত সালাউদ্দিন ও জাহাঙ্গীর বাঁশগীড় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থক এবং দুলাল মিয়া আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী আশরাফুল হকের সমর্থক।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আক্তারুজ্জামান পুতু (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হন। খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত আকতারুজ্জামান খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, এ সময় মেম্বার প্রার্থী শেখ কামালসহ কয়েকজন আহত হন। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে আহত আকতারুজ্জামান পুতুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বেলা ১২টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর সেখানে শাওন আহমেদ (২৫) একজনের মৃত্যু হয়। তিনি উপজেলার বল্লভপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক সালাউদ্দিন মোল্লা।
স্থানীয়রা জানান, মানিকারচর জামে মসজিদের ইমাম নাজমুল হাসান মসজিদের মাইকে ঘোষণা দেন যে ভোটকেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে ভোট দিচ্ছে। এ ঘোষণার পরই ভোটকেন্দ্রে উত্তেজনা শুরু হয়। তারপরই সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তেজনা ছড়ানোর অপরাধে মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।
এছাড়াও দুপুর দেড়টার দিকে জামালপুরের মেষ্টা ইউনিয়নের বুখুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বক্স ছিনতাইযের ঘটনায় কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বুখুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৬ নম্বর রাতইল ইউনিয়ন পরিষদ কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থকেরা কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল দেওয়ায় দুপুর ১২টা থেকে ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছে প্রশাসন।