রবিবার ৮ই মার্চ, ২০২৬ ইং ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিহীন তাই পুলিশে চাকরি হলো না আসপিয়ার

আকাশবার্তা ডেস্ক :

সাতস্তরে যাচাই-বাছাই, শারীরিক যোগ্যতা, লিখিত ও মৌখিক পরীক্ষা এবং দুই দফা মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন না বরিশালের হিজলা উপজেলার কলেজছাত্রী আসপিয়া ইসলাম। ভূমিহীন হওয়ার কারণে পুলিশে চাকরির স্বপ্ন পূরণ হচ্ছে না তার।

পুলিশের ভেরিফিকেশন প্রতিবেদনে হিজলায় জমি না থাকায় আসপিয়ার চাকরি হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে মেয়েটির পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প থেকে জমিসহ একটি ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

এদিকে যোগ্যতা বলে চাকরি পাওয়ার দাবি নিয়ে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) শেষ বিকেলে বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামনের কাছে গিয়েছিলেন কলেজছাত্রী আসপিয়া ইসলাম। কিন্তু সেখান থেকেও নিরাশ হয়েছেন তিনি। এরপরই বিষয়টি নিয়ে আসপিয়ার ছবিসহ একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়নের সৃষ্টি করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির ছবি সংবলিত একটি পোস্টের কমেন্টে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান লিখেছেন, চাকরি হয়েছে জেলা ভিত্তিতে, যার সভাপতি সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার। আমি ডিআইজি, আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন। কিন্তু বিষয়টি জানার আমার সুযোগ নেই। কারণ তার পুলিশ ভেরিফিকেশন চলছে। এটা গোপনীয় প্রক্রিয়া। মেয়েটা জানতে পেরেছে, বরিশালে স্থায়ী ঠিকানা না থাকায় নাকি তার চাকরি হচ্ছে না। সে জানতে এসেছিল। সে জানিয়েছে, তার বাবা-মা দুজনই ভোলা জেলার স্থায়ী বাসিন্দা। তার বা তার বাবা-মায়ের বরিশালে কোনো স্থায়ী ঠিকানা নেই, মানে জমি নেই। আমি তাকে ভেরফিকেশন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। পুলিশ সুপারকে তার বিষয়টি আন্তরিকভাবে দেখতে বলেছি। ওনাকে পরামর্শ দিয়েছি, স্থায়ী ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ বা উপায় বের করতে। বরিশালের ডিসিকে বিষয়টি জানিয়েছি। আসপিয়ার বিষয়টি পুলিশে চাকরি প্রত্যাশীদের কল্যাণে কাজে লাগবে বলে মনে করেন এই কর্মকর্তা।

অপরদিকে যোগ্যতা থাকার পরও ভূমিহীনরা চাকরি পাবে না পুলিশের এমন নিয়ম পরিবর্তনের দাবি জানিয়ে বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, শারীরিক এবং একাডেমিক যোগ্যতায় অজপাড়াগায়ের একটি মেয়ে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের দ্বার প্রান্তে পৌঁছেছে। যোগ্যতা থাকার পরও শুধুমাত্র ভূমিহীন হওয়ায় তার চাকরি হবে না, এটা মানা যায় না। প্রয়োজনে আইন পরিবর্তন করে হলেও যোগ্যতা বলে ওই মেয়েটিকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।

সূত্রে জানা গেছে, গত ১৪, ১৫ ও ১৬ নভেম্বর জেলা পুলিশ লাইনে শারীরিক যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৭ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশ নেন হিজলার খুন্না-গোবিন্দপুরের ভূমিহীন বাসিন্দা মৃত শফিকুল ইসলামের মেয়ে আসপিয়া ইসলাম। ২৩ নভেম্বর প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলেও উত্তীর্ণ হয়ে ২৪ নভেম্বর একই স্থানে মৌখিক পরীক্ষায় অংশ নেন তিনি। পরদিন ২৫ নভেম্বর ভাইভার ফলাফলেও মেধা তালিকায় পঞ্চম হয়ে উত্তীর্ণ হন। ২৬ নভেম্বর জেলা পুলিশ লাইনে চিকিৎসকরা ভাইভায় উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন। এতেও উত্তীর্ণ হয় আসপিয়া। সবশেষ ২৯ নভেম্বর ঢাকার রাজারবাগ পুলিশ লাইন সেন্ট্রাল হাসপাতালে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হন। এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনে আসপিয়া ও তার পরিবার ভূমিহীন হওয়ায় আসপিয়ার চাকরি হবে না বলে গত বুধবার জানিয়ে দিয়েছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া।

আসপিয়ার পরিবারের তদন্ত প্রতিবেদন প্রস্তুতকারী হিজলা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আব্বাস জানান, আসপিয়ার পিতা মারা গেলেও মা, ভাই-বোন নিয়ে হিজলায় বসবাস করেন। কিন্তু তাদের মূল বাড়ি হিজলায় নয়। তাদের মূল বাড়ি হচ্ছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। সেখানে তার দাদার নামে জমি আছে বলে আমাদের কাছে জানিয়েছে। কিন্তু অতদূর আমাদের খতিয়ে দেখার বিষয় না। তিনি বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা কিনা সেটি তদন্তে চায়। আমি তদন্তে পেয়েছি আবেদনকারী বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা নন। সেটি বুধবার (৮ ডিসেম্বর) জেলা পুলিশ সুপার বরাবর প্রতিবেদনে জমাকৃত উল্লেখ করেছি। বাকি বিষয়ে সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

খোঁজ নিয়ে জানা গেছে, কলেজছাত্রী আসপিয়ার পরিবার গত ৩৫ বছর ধরে হিজলায় বসবাস করছেন। ওই এলাকার ভোটার তার পরিবারের চারজন সদস্য। তার বাবা ২০১৯ সালে মারা যান। তিনিও ওই এলাকার ভোটার ছিলেন। বড় ভাই ঢাকায় গার্মেন্টসে এবং মেজ বোন একটি রেস্তোরাঁয় বাবুর্চির কাজ করেন। আর সেজ আসপিয়া হিজলা ডিগ্রি কলেজে বিএ-তে পড়াশোনা করছেন। ছোট বোন পড়ে প্রাথমিক বিদ্যালয়ে।

চাকরির স্বপ্ন ভঙ্গ হওয়া আসপিয়া ইসলাম বলেন, আমি যোগ্যতাবলে ৭টি স্তর উত্তীর্ণ হয়ে চূড়ান্ত নিয়োগের অপেক্ষায় আছি। এমন সময় হিজলার ওসি তাদের জানিয়েছেন, চাকরি পেতে হলে নিজেদের জমিসহ ঘর দেখাতে হবে। আমরা ভূমিহীন। আমার জন্মের আগে থেকে আমার পরিবার হিজলায় বসবাস করে। পূর্ব পুরুষের বাড়ি ছিল ভোলায়। কিন্তু উত্তরাধিকার সূত্রে সেখানে তারা কোনো জমি ভোগ দখল করেন না। হিজলায় আমাদের জমি না থাকায় আমার চাকরি হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ডিআইজি স্যারের কাছে গিয়েছিলাম। এ ব্যাপারে স্যারের কিছু করার নেই বলে জানিয়ে দিয়েছেন।

এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, বাংলাদেশের কোথাও যদি তার ভূমি না থাকে, সেটা তিনি দেখবেন। আর যদি কোথাও ভূমি থাকে তাহলে সেটাই তার স্থায়ী ঠিকানা।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ভূমি না থাকায় কারো চাকরি না হওয়া দুঃখজনক। তিনি ওই মেয়েটির পরিবারকে হিজলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প থেকে জমিসহ ঘর তথা একটি স্থায়ী ঠিকানার ব্যবস্থা করবেন বলে জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১