আকাশবার্তা ডেস্ক :
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ইউক্রেইন থেকে উদ্ধার এমভি বাংলা সমৃদ্ধির নাবিকদের মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়া হব।
শুক্রবার (৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ইউক্রেইন থেকে প্রথমে পাশের দেশ মলদোভা হয়ে রোমানিয়ায় নেওয়া হবে। এরপর রোমনিয়া থেকে দেশে ফেরানো হবে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ইউক্রেইনের ওলভিয়া বন্দরে গিয়ে যুদ্ধের মধ্যে আটকা পড়ে। বুধবার সন্ধ্যার দিকে জাহাজটিতে রকেট হামলা হয়।
ক্রুদের চেষ্টায় আগুন নেভানো গেলেও ব্রিজে থাকা জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়।
ওই নৌযানে ক্ষয়ক্ষতির আর উদ্বেগের মধ্যে শুক্রবার বাংলা সমৃদ্ধিকে পরিত্যক্ত ঘোষণা করে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। হাদিসুরের মরদেহও তাদের সঙ্গেই রয়েছে।
ইউক্রেইনের শেল্টার হোম থেকে তাদেরকে প্রতিবেশী দেশ পোল্যান্ড হয়ে ফেরানোর পরিকল্পনার কথা প্রাথমিকভাবে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তবে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নাবিকদের উদ্ধারের গতিপথ পরিবর্তনের সম্ভাবনার কথা শুক্রবার জানাল সরকার।