আকাশবার্তা ডেস্ক :
বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববারের (২০ মার্চ) মধ্যে ওই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ যদি আরও শক্তি অর্জন করে, তাহলে আগামীকাল সোম অথবা পরদিন মঙ্গলবারের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এ ঘূর্ণিঝড়ের নাম ‘আসানি’। সোমবার প্রবল শক্তি নিয়ে এটি ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে। শনিবার থেকেই ভারতের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলোর তৎপরতাও আপাতত বন্ধ করে দেয়া হচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকে বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, লঘুচাপটি নিম্নচাপ থেকে সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তা মিয়ানমার উপকূলে আঘাত হানার আশঙ্কা বেশি।
তবে এর প্রভাবে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে ব্যাপক বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ বৃষ্টি বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।