মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ ইং ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গরম ইস্যুতে নরম রহস্য!

আকাশবার্তা ডেস্ক :

ভোলায় দুই নেতা খুন। দেশে রাজনীতির দুঃসময়। অর্থনৈতিক টালমাটাল অবস্থা। এ পরিস্থিতিতেও নীরব বিএনপি। গরম ইস্যুকেও কাজে লাগানোর চিন্তা নেই। আপাতত দুই ইস্যু নিয়ে নীরবে নিজেদের জানান দেবে। দেশে চলমান নাগরিক ইস্যু নিয়ে সভা-সেমিনারে কথা বলবে। সরকারের ব্যর্থতা বিশেষ মহলে তুলে ধরবে এবং রাজনৈতিক ইস্যুতে সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবিলা করবে।

তত্ত্ব্বাবধায়ক সরকারের দাবি, খালেদা জিয়ার মুক্তি ও যুগপৎ আন্দোলনের দৃশ্যপট তৈরির চেষ্টা করবে। অতীতের মতো সরকারকে চাপ দেয়ার মতো বড় কোনো কর্মসূচি গ্রহণ করা হবে না। আন্তর্জাতিক মহলের কাছে নির্বাচনের আগ মুহূর্তে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ হতে চাচ্ছে না দলটি। গণতান্ত্রিক ও জনগণের দল হিসেবে নিজেদের প্রমাণ করে ভবিষ্যৎ ক্ষমতার দিকেই নজর তাদের।

বিএনপির নীতিনির্ধারণী ফোরাম বলছে, বর্তমানে দেশের মানুষ ভালো নেই। বিএনপি নাগরিক ইস্যুগুলো নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের পক্ষে কথা বলবে। গত সপ্তাহে মধ্যরাতে জ্বালানি তেলের দাম প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে দেয়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। জ্বালানি তেলের দাম বাড়ানোর দিনেই বেড়েছে অস্বাভাবিক পরিবহন ভাড়া। এর প্রভাব পড়ছে এখন বাজারে। হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের অগ্নিমূল্যে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। পণ্যমূল্য নিম্নবিত্ত, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের বেঁচে থাকা উপসংহারহীন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের বাজারে ক্রেতারা অসহায় হয়ে পড়েছেন। দাম বাড়ার প্রতিযোগিতা চলছে। চালের দাম গত এক সপ্তাহে ১৫ টাকা পর্যন্ত বেড়ে ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গেছে।

সর্বকালের রেকর্ড ভেঙে ডিমের ডজন ১৫০ টাকা। এত বেশি লাগামহীন দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, শাসকগোষ্ঠীর লুটপাট আর দুর্নীতির পর জীবনযাত্রার খরচ ৫০ শতাংশ থেকে কোনো কোনো ক্ষেত্রে শতভাগ বেড়ে গেছে বলে দাবি বিএনপির। এমন পরিস্থিতিতে সাধারণ জনগণের জীবনযাত্রা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিএনপি এই জনগণের ইস্যুগুলো এখন যেমন রাজনীতির মাঠে মোকাবিলা করবে তেমনি এ পরিস্থিতির পেছনে সরকারের দুর্নীতি জাতীয়ভাবে তুলে ধরার জোর চেষ্টা চালাবে।

বিএনপির শীর্ষ নেতাকর্মীরা বলছেন, দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। প্রতিদিন চারদিকে অশনি সংকেত আর ঘনঘোর অন্ধকার নেমে আসছে। সর্বত্রই অস্বস্তি-অস্থিরতা। ক্ষমতাসীনদের বিশৃঙ্খলা ও অপকীর্তির শেষ নেই। সরকার পরিকল্পিতভাবে লাখ লাখ কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলো খালি হয়ে গেছে। রিজার্ভ তলানিতে ঠেকেছে। গত ১৩ বছরে বেপরোয়া দুর্নীতিযজ্ঞের কারণে দেশ এখন দেউলিয়া ঘোষণার অপেক্ষায়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসসচিব রুহুল কবির রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু দিন আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা দেশকে সিঙ্গাপুর-অস্ট্রেলিয়া- কানাডার সাথে তুলনা করে গলাবাজি করত। দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে এখন তারা ফুটো বেলুনের মতো চুপসে গেছে। ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। এই বিপুল অঙ্কের ঋণ বাংলাদেশ পরিশোধ করার সামর্থ্য হারিয়েছে। জ্বালানি, বিদ্যুৎ সঙ্কট, ডলারের বিপরীতে গত তিন মাস যাবত টাকার মানের ক্রমাগত পতন এবং রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতি-দেশের অর্থনৈতিক গতিপথ নিয়ে জনগণকে উদ্বিগ্ন করে তুলছে। মুদ্রামান হারানোর সাথে সাথে ডলার দুষ্প্রাপ্য হয়ে উঠছে দেশি মার্কেটে। এই লুটেরা সরকার দুর্নীতি রোধ করতে অতটা আগ্রহী নয়, যতটা না আগ্রহী বিভিন্ন বিদেশি সংস্থা ও তহবিল থেকে ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে। আওয়ামী লীগ এতদিন বলত দেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, মূলত দেশে শ্রীলঙ্কা পরিস্থিতি বিরাজমান।

এদিকে দেশে রাজনৈতিক সঙ্কটও চলছে। অংশগ্রহণমূল দেশের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন। খালেদা জিয়ার মুক্তির ইস্যু নিয়ে এখনো রাজমহলে নানান কথা। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি বিএনপির। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার বলছে দেশে সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়, বিরোধী পক্ষকে তলোয়ার নিয়ে মাঠে থাকার ইঙ্গিত দেন। রাজনৈতিক এই দুরবস্থায় দেশে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে বিএনপি কর্মসূচিগুলো থেকে বলে আসছে। তাই আগামীতে যুগপৎ আন্দোলন গড়ে তোলে এই সরকার আটকিয়ে দেয়ার চিন্তাও বিএনপির ঘরে রয়েছে বলে দলটির একাশের ভাষ্য।

জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন স্থানে দুর্ভিক্ষের পরিস্থিতি শুরু হয়েছে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নিজের সন্তান বিক্রি করে দিচ্ছে মানুষ। খাগড়াছড়ির পারুল চাকমা তার একমাত্র সন্তানকে মাত্র ১২ হাজার টাকায় বিক্রি করতে বাজারে তুলেছে। ভর্তা আর কাঁচামরিচ দিয়ে ভাত খাওয়ার সামর্থ্য হারাচ্ছে মানুষ। বেঁচে থাকার জন্য মানুষ খাওয়া কমিয়ে দিয়েছে। সব খরচ কমিয়ে দিয়েছে। পুঁজি ভেঙে ও ঋণ করে সংসার চালাচ্ছে। বিএনপি জনগণের দল। বিএনপি খুব শিগগিরই জনগণের ইস্যু নিয়ে রাজপথে নামবে। জনগণের জন্য রাস্তায় নেমে এই সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকারের সকল অপকর্ম ও অপশাসনের মূলোৎপাটনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যেকোনো মুহূর্তে ক্ষোভে ফেটে পড়া মানুষ বর্তমান সরকারের রাজসিংহাসন উল্টে দিতে রাজপথ কাঁপিয়ে ধেয়ে আসবে।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১