নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে দোকান ও বসতঘরে আগুন লেগে মফিজ উল্যাহ (৮০) নামে এক বৃদ্ধ পুড়ে মারা গেছেন। মঙ্গলবার (৭ মার্চ) ভোর রাতে পৌর শহরের আলিয়া মাদ্রাসার সামনে ফ্রিজের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরআগেই আগুনে দোকান ও বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার এবং মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
নিহত মফিজ মেয়ের বাড়িতে থাকতেন। তার মরদেহ উদ্ধার করে জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোর রাতে শামছুল ইসলাম মিলনের দোকান-বসতঘরে আগুন লাগে। ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। এরআগেই দোকানের পেছনে বসতঘরে ঘুমিয়ে থাকা বৃদ্ধ মফিজ উল্যাহ পুড়ে মারা যান।
নিহতের জামাতা শামছুল ইসলাম মিলন বলেন, তিনি টিনশেড ঘরের সামনের অংশে চা দোকান করতেন। পেছনে পরিবারের লোকজনকে নিয়ে বসবাস করেন। তাদের সঙ্গে তার শ্বশুর মফিজ উল্যাহও থাকতেন। রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। অগ্নিকান্ডের পর ঘরের সবাই ঘুম থেকে উঠে বের হতে পারলেও তার শ্বশুর বের হতে পারেননি। আগুনে পুড়ে তিনি মারা গেছেন।
তিনি আরও জানান, দোকানে থাকা ফ্রিজের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ঘরে থাকা নগদ চার লাখ টাকা, স্বর্ণালংকার, দোকানের মালামালসহ সবকিছু পুড়ে গেছে। তাৎক্ষণিক সুনির্দিষ্ট করে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
মিলনের ভাতিজা আবদুল লতিফ পিয়াস বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমি ৯৯৯ নম্বরে কল দিই। এরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক রঞ্জিত কুমার সাহা বলেন, আমাদের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ঘরে থাকা একজন বৃদ্ধ মারা গেছেন। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।