আকাশবার্তা ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবীর বিন আনোয়ার বলেন, জনগণের কাছে না গিয়ে বিএনপি-জামায়াত বিদেশী প্রভুদের কাছে যায়। আওয়ামী লীগ নির্বাচন মুখী দল। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের স্মার্ট কর্ণার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব বলেন। তিনি আরো বলেন, আমরা কারো জন্য অপেক্ষা করবো না। সারাদেশে আমাদের নির্বাচনের ক্যাম্পেইন চলছে। স্মার্ট কর্ণারের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরা হবে। লক্ষ্মীপুরে স্মার্ট কর্ণারটি আমাদের ৩৪তম। পর্যায়ক্রমে সারাদেশে স্মার্ট কর্ণার স্থাপন করা হবে।
শনিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফিতা কেটে স্মার্ট কর্ণার উদ্বোধন করেন কবীর বিন আনোয়ার।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা নুরুন্নবী চৌধুরী, আবদুল মতলব, এ্যাড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না প্রমুখ।