আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুর সদর উপজেলার কামানখোলা প্রাইমারী স্কুলের প্রতিবন্ধি প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনকারী মোরশেদুল ইসলাম মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও স্থানীয় এলাকাবাসী।
গত ৭ সেপ্টেম্বর দুপুরে বাড়ির সামনের দোকানদার চকলেটের লোভ দেখিয়ে প্রতিবন্ধি স্কুলছাত্রীকে যৌন নির্যাতন করে। কামানখোলা প্রাইমারী স্কুল, কামানখোলা পলিটেকনিক হাইস্কুল ও কামানখোলা দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কামানখোলা পলিটেকনিক হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মদ ভূঁইয়া, সহকারী প্রধান শিক্ষক শাহাদাত হোসেন কামাল, কামানখোলা দাখিল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান, কামানখোলা সরকারি প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মারুফ হোসেন সুজন, দালাল বাজার প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ুন কবির বিপ্লব, ফিরোজ আলম জিসান, শরীফ হোসেন প্রমুখ।
এ ব্যাপারে মেয়েটির বাবা বাদি হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।