লক্ষ্মীপুর প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (০৫ আগষ্ট) সকাল ৯টার দিকে পৌরসভার বাসটার্মিনাল এলাকায় জেলার প্রথম শহীদ সাদ আল আফনানের কবরে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পরে পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার আকতার হোসেন। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আরমান হোসাইনের নেতৃত্বে শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় পুলিশ সুপার আকতার হোসেন বলেন, ২৪ এর চেতনায় উজ্জীবিত হয়ে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। কখনও তাদের ভুলবেনা জাতি। এই চেতনায় সামনে এগিয়ে যেতে হবে। পাশাপাশি শহীদদের মর্যাদায় ও শহীদ পরিবারের নিরাপত্তায় কাজ করছেন জেলা পুলিশ।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে ১৭ জন শহীদ হয়েছেন। এদের মধ্যে ৪ জন লক্ষ্মীপুর ও অন্যরা দেশের বিভিন্ন স্থানে শহীদ হন। প্রত্যেক শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। যে চেতনা নিয়ে দেশের তরুণরা প্রাণ দিয়েছেন, সেটি রক্ষা করায় এখন মূল দায়িত্ব। এছাড়া উপজেলা পরিষদ কার্যালয়ে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। তাদের স্মৃতি ধরে রাখতে কাজ করবে জেলা প্রশাসন এবং এটি অব্যাহত থাকবে।