লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জকে উপজেলা অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার (৭ মে) রাতে চন্দ্রগঞ্জ বাজারে এই আনন্দ মিছিল করা হয়।
মিছিলে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী করিম, বর্তমান সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এসময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জসহ পৃথক চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, চন্দ্রগঞ্জকে পৃথক উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় আজ সবাই খুশি। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি চন্দ্রগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। চন্দ্রগঞ্জকে উপজেলা করার ক্ষেত্রে পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সর্বোচ্চ ভূমিকা রাখায় তাকেও অভিনন্দন জানাচ্ছি।
প্রসঙ্গত, বিগত ২০১৪ সালের ২ জুন লক্ষ্মীপুর সদর থানাকে বিভক্ত করে ৯টি ইউনিয়নকে সংযুক্ত করে চন্দ্রগঞ্জ পৃথক থানা ঘোষণা করা হয়। সদরের পূর্বাঞ্চলের ইউনিয়নগুলো হল বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী। থানা ঘোষণার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের অন্যতম দাবি ছিল চন্দ্রগঞ্জকে পৃথক উপজেলা ঘোষণা করার।