লক্ষ্মীপুর প্রতিনিধি :
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী হোসেন মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হন বলে জানা গেছে।
রোববার রাতে সদর উপজেলার কাজীর দিঘীরপাড় বাজারে এই ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত ছেলে সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হোসেন মিয়া কাজীর দিঘীরপাড় এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষনের জন্য নেয়। এরপর মোটরসাইকেলটি দিব দিচ্ছি বলে ১৩দিন ধরে ঘোরাঘুরি করে আসছে। রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তার বাবা হোসেন মিয়াসহ কয়েকজন মোটরসাইকেল আনতে কাজীর দিঘীরপাড় বাজারে শাকিলের কাছে যায়। এসময় শাকিল হোসেন মোটরসাইকেলটি দেয়া নিয়ে তালবাহনা শুরু করে। এসময় দু-পক্ষের তর্কাতর্কির একপর্যায়ে শাকিল হোসেন ও বিপ্লবসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে হোসেন মিয়া ও তার ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত হোসেন মিয়া কাজীর দিঘীরপাড় বাজারে দর্জির কাজ করতেন। আর ছেলে একই বাজারে ওষধের ফার্মেসীর ব্যবসা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।