আন্তর্জাতিক ডেস্ক :
চীনের শেনজেনে একসঙ্গে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। বুধবার (১৭ নভেম্বর) রাতে নৈশভোজের আগে লালগালিচায় তিন নেতার একসঙ্গে উপস্থিতির একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার ক্রেমলিনের গণমাধ্যম শাখা।
বিবিসির ইউরোপবিষয়ক প্রতিবেদক লরা গোজ্জির বরাতে জানা গেছে, ভিডিওতে ট্রাম্পের পাশে শি জিনপিং ও তাঁর স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় সেখানে উপস্থিত হন পুতিন। পরে ট্রাম্প ও পুতিন করমর্দন করেন এবং একে অপরের কাঁধে হাত রেখে শুভেচ্ছা বিনিময় করেন।
২০২৫ সালের আগস্টে আলাস্কায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ বৈঠকের পর এই প্রথম সরাসরি সাক্ষাৎ হলো ট্রাম্প ও পুতিনের। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার অভ্যর্থনার ভঙ্গিতে আন্তরিকতার প্রকাশ দেখা গেছে।
তিন নেতার একই স্থানে উপস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। কারণ, বৃহস্পতিবার বিকেলে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে বিশ্বরাজনীতি, ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, বাণিজ্য ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে পশ্চিমা দেশগুলোর বাণিজ্য সংরক্ষণবাদ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমালোচনা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে দেওয়া বক্তব্যে তাঁরা এসব মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টা পর চীন সফরে পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিন নেতার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শি জিনপিং তাঁর বক্তব্যে বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা বজায় রাখার আহ্বান জানান। অবাধ ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগের পক্ষে অবস্থান নেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি সংরক্ষণবাদ ও একতরফা নীতির বিরোধিতা করেন।
শির বক্তব্যের আগে চীনের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ কেনার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করে ওয়াশিংটন। এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের চিপ কেনায় এসব বিধিনিষেধ বেইজিং ও ওয়াশিংটনের নাজুক বাণিজ্য সমঝোতায় নতুন চাপ তৈরি করতে পারে। এর জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন।
অন্যদিকে, পশ্চিমা দেশগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী শক্তি’ হিসেবে আখ্যা দেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা পশ্চিমাদের জন্যই ক্ষতিকর হয়েছে বলে দাবি করেন তিনি। পুতিনের ভাষ্য, নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী অর্থনীতির প্রবৃদ্ধি থামানো কিংবা সেগুলো ধ্বংস করা সম্ভব নয়। ইউরোপও ‘অপমানজনক পতনের’ দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্রসহ নানা বিষয় আলোচনায় আসতে পারে।
তিন পরাশক্তির এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন কেউ কেউ। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। এবারের বৈঠকেও ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।