সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দেশের পথে খালেদা জিয়া, বিশাল শোডাউনের প্রস্তুতি

আকাশবার্তা ডেস্ক :

প্রায় তিনমাস পর বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ১৫ মিনিট) খালেদা জিয়াকে বহনকারী অ্যামিরেটস এয়ারলাইন্সের বিমানটি (ইকে-৫৮৬) হিথ্রো বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়েছে।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। হিথ্রো বিমানবন্দরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ লন্ডন বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায় জানান।

বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায় খালেদা জিয়াকে বহনকারী বিমানটি দুবাইয়ে অবতরণ করে। সেখানে দুইঘণ্টা বিরতির পর ফেল ১২টার দিকে বিমানটি বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার সফরসঙ্গী তাবিথ আউয়াল। বিকাল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

এদিকে বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানাতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি গ্রহণ করেছেন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপি ও ২০-দলীয় জোট নেতাদেরও বিমানবন্দরে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, জাসাস, বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে ওই অঘোষিত বিশাল শোডাউনের প্রস্তুতি চলছে। এ জন্য ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও জমায়েত হবেন দলীয় নেতাকার্মীরা।

এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকায় দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকলেও এখনই তাকে গ্রেফতার করা হচ্ছে না বলে পুলিশের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তারা আশা করছেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করবেন। তাছাড়া মঙ্গলবার পর্যন্ত তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা থানায় পৌঁছেনি। তাকে গ্রেফতারে ওপর মহলেরও কোনো নির্দেশনা নেই।

মঙ্গলবার বিকেলে মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের এক অনুষ্ঠানে আইজিপি এ কে এম শহীদুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তি। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তা ছাড়া তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এখনও থানায় পৌঁছায়নি।

বিমানবন্দরে খালেদা জিয়াকে সংবর্ধনার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ হস্তক্ষেপ করবে না। তবে রাস্তায় যান চলাচল বিঘ্ন হয়, মানুষের ভোগান্তি হয়- এমন কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না। কাউকে সড়ক দখল করতে দেয়া হবে না।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিমানবন্দরে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানো হবে। দলের পক্ষ থেকে সেই প্রস্তুতিই নেওয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে চাই। তবে সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে তাদেরই সব দায়দায়িত্ব নিতে হবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

খালেদা জিয়ার বিরুদ্ধে যে তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি ও জাতীয় পতাকা অবমাননার দায়ে মানহানির দুটি মামলা। এর আগে কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বছর আগে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় খালেদা জিয়াসহ ‘পলাতক’ আসামিদের বিরুদ্ধে গত ৯ অক্টোবর আরেকটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজির না হওয়ায় ১২ অক্টোবর খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। ঢাকার পঞ্চম বিশেষ আদালতে এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালত বৃহস্পতিবার এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, বৃহস্পতিবার খালেদা জিয়া আদালতে গিয়ে গ্রেফতারি পরোয়ানা মোকাবেলা করতে জামিনের আবেদন জানাবেন। এদিকে যে দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সেগুলোতে বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কাগজ ও ফাইলপত্র সবই ঠিক করে রাখা আছে। আবেদন করলে আশা করি আদালত জামিন দেবেন।

গত ১৫ জুলাই লন্ডনের উদ্দেশে খালেদা জিয়া ঢাকা ত্যাগ করেন। সেখানে ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে পা, হাঁটু ও চোখের চিকিৎসা করান খালেদা জিয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930