সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ট্রাম্পের পাশে শুধু ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল ইস্যুতে সঙ্গে নেই আরব লীগ, ওআইসি এবং জাতিসংঘ। এমনকি এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করছে দেশটির প্রধান মিত্র ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও সুইডেন। একই সঙ্গে ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, ভারত, ইরান, পাকিস্তান সর্বত্র জ্বলছে প্রতিবাদের আগুন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা এক জরুরি বৈঠকে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাই যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংস্থাটিতে এখন একা হয়ে পড়েছে। তবে দেশটির পক্ষ নিয়ে একমাত্র ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গত ৬ ডিসেম্বর এক ঘোষণায় জানান, জেরুজালেমকে তিনি ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করতে পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিচ্ছেন। এই ঘটনায় বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠছে। বিশেষ করে জেরুজালেম, গাজা, পশ্চিম তীর, রামাল্লা, হেব্রন, বেথেলহেম, নাবলুসসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এদিকে আরব দেশগুলোর প্রতিনিধিত্বকারী ২২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দাবি করেছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র যেন প্রত্যাহার করে। কায়রোতে এক জরুরি বৈঠকের পর আরব লীগ বলছে, মার্কিন সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে শুধু সহিংসতাই বাড়বে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী স্বীকৃতি দেয়ার জন্যও তারা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। এছাড়া জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দানে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের কাছে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা দূতাবাস অভিমুখী এক সড়কে লোহার গেট খুলে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ছোড়ে এবং জল-কামান ব্যবহার করে।

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) বলেছে, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এছাড়া ট্রাম্পের এ ঘোষণার মধ্যদিয়ে বায়তুল মুকাদ্দাসে ইসরাইলের দখলদারিত্বকে বৈধতা দেয়া যাবে না বলেও উল্লেখ করেছে সংস্থাটি। ওআইসি আরো বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এ সিদ্ধান্ত বিশ্বের মুসলমানদের মনে আঘাত দিয়েছে। কথিত শান্তি আলোচনার প্রক্রিয়ায় আমেরিকা এত দিন যে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছিল তা ধ্বংস হবে এবং আমেরিকার এ অবৈধ ঘোষণায় বায়তুল মুকাদ্দাসের ঐতিহাসিক ও ইসলামি পরিচিতি মুছে ফেলা যাবে না। ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তীব্র সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশই অবস্থান নিল বিপক্ষে। হোয়াইট হাউসের সামনে জুমার নামাজ আদায় করে প্রতিবাদ করা হয়। পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ইসরাইলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনে মদদ দেয়ার জন্যে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ওয়াশিংটন খারাপ কাজকে সহযোগিতাকে করছে। অঞ্চলটিতে ইসরাইলের দমন-পীড়ন আর বিচারহীনতার সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত আরও উসকে দিয়েছে। এ স্বীকৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্র তার শান্তির মধ্যস্থতাকারীর অবস্থান হারিয়েছে। তবে ট্রাম্পের প্রশংসা করে বিশ্ব সম্প্রদায়কে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানান ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি দানোন। তিনি বলেন, জেরুজালেম ইসরাইলের রাজধানী না হওয়া পর্যন্ত এ অঞ্চলে কোনো শান্তি আসবে না। এ পদক্ষেপ বাস্তবায়ন ছাড়া এ অঞ্চলের কোনো পরিবর্তনও হবে না। নিরাপত্তা পরিষদের সদস্যদের মন্তব্যে কোণঠাসা হয়ে জাতিসংঘেরই সমালোচনা শুরু করেন সংস্থায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, জাতিসংঘ ঐতিহাসিকভাবেই ইসরাইলবিরোধী। তিনি জেরুজালেম ইস্যুতে সবাইকে সংযত হয়ে কথা বলার পরামর্শ দেন।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে এ হুঁশিয়ারি জানায়। বিবৃতিতে বলা হয়েছে, বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে নতুন সংকটের জন্ম দিয়েছেন।
জেরুজালেম বিষয়ে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের অনুসৃত নীতি পাল্টে দেওয়া ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্ররাও। ট্রাম্পের ‘একতরফা’ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে ফ্রান্স। যুক্তরাজ্য বলেছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত শান্তি প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখবে না। আর জার্মানি বলেছে, জেরুজালেমের মর্যাদা শুধু দ্বি-রাষ্ট্রিক সমাধানের ভিত্তিতেই নির্ধারিত হতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে বলেছেন, জেরুজালেম নিয়ে সীমা লঙ্ঘন করা উচিৎ হবে না। যুক্তরাষ্ট্র ওই সিদ্ধান্ত থেকে সরে না এলে তেল আবিবের সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্বীকৃতিতে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের স্বীকৃতির বিষয়টি অবশ্যই জাতিসংঘের রেজুলেশনের কাঠামোর মধ্যে রাখতে হবে। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর যে সীমানা ছিল, সে অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থানের বিষয়টিও ওই বিবৃতিতে তুলে ধরা হয়। ইসরায়েল ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকার রাষ্ট্রপতি সুয়োমোটো যে ঘোষণা দিয়েছেন, আমার কাছে মনে হয় এটা ইসলামিক ওয়ার্ল্ডে কারও কাছে গ্রহণযোগ্য না। কারণ এখানে জাতিসংঘের রেজুলেশন রয়েছে। রেজুলেশন অনুযায়ী কিন্তু পদক্ষেপ নেওয়া উচিৎ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির যে বাতাবরণ তৈরি করেছে তাতে বিশ্বের শান্তিকামী প্রতিটি মানুষের মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা মার্কিন প্রেসিডেন্টের একতরফাভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার স্বীকৃত দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এ ছাড়া কোনোভাবেই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে না।

প্রসঙ্গ জেরুজালেম মুসলিম, খ্রিস্টান ও ইহুদি- সব ধর্মের অনুসারীদের কাছেই পবিত্র নগরী। ইসরায়েল বরাবরই জেরুজালেমকে তাদের রাজধানী বলে দাবি করে আসছে। অন্যদিকে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করতে চান ফিলিস্তিনের নেতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১