
নিজস্ব প্রতিবেদক :
মানসম্মত প্রাথমিক শিক্ষার লক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা করা হয়। এতে চন্দ্রগঞ্জ, চরশাহী ও হাজিরপাড়া ইউপির ৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্তত ৫ শতাধিক সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।
প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ওমর ফারুক, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ধন্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাছিনা আক্তার ও নিজাম উদ্দিনসহ অন্যান্যরা।

মতবিনিময়কালে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা মানসম্মত শিক্ষা উন্নয়নে নানা প্রতিকূলতা এবং সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এতে বিদ্যালয়ে আসন সঙ্কট, শিক্ষক সঙ্কট, দপ্তরী কাম প্রহরী নিয়োগ, ল্যাপটপ প্রদান, নারী শিক্ষকদের সময় পুননির্ধারণের সমস্যা তুলে ধরা হয়।
পরে প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা তার বক্তব্যে তাৎক্ষণিক কিছু সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং অন্যান্য সমস্যা বিভাগী উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে জানান।