আকাশবার্তা ডেস্ক :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী স্ট্রোক করেছিলেন। তাঁর ব্রেনে একটু সমস্যা হয়েছিল। তবে এখন আউট অব ডেঞ্জার।’এখন আর কোনো ঝুঁকি নেই।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৩ জুন ) সকাল ১০টার দিকে আইভীকে দেখতে হাসপাতালে যান তিনি। ওবায়দুল কাদের কিছুক্ষণ তার পাশে অবস্থান করেন ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় ওবায়দুল কাদের এসব বলেন।
নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা নেয়ার বিষয়ে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এ সময় তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখন কিছু বলবো না।’
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ নগরভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি কথা বলতে পারছিলেন না। পরে বমি করা শুরু করেন। এরপর স্যালাইন পুশ করার পর তার রক্তচাপ কমে যায়।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল সার্জন আসাদুজ্জামান জানান, বিকাল চারটায় আইভীকে চার সদস্যের একটি মেডিক্যাল টিম চেকআপ করে। এ সময় তিনি নিজেও নগর ভবনে যান। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা চলাকালে মেয়র আরও অসুস্থ হয়ে যেতে থাকেন। তাই তারা ঝুঁকি না নিয়ে আইভীকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।
মঙ্গলবার নারায়ণগঞ্জে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সমর্থকদের সঙ্গে নিজ সমর্থকদের সংঘর্ষে পড়ে গিয়ে আহত হন আইভী। এ সময় সমর্থকরা মানবপ্রাচীর তৈরি করে তাকে রক্ষা করেন। সেদিন আইভী পায়ে ব্যথা পেলেও দুই দিন পর অসুস্থ হওয়ার সঙ্গে এর সম্পর্ক ছিল না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ল্যাবএইড হাসপাতালে ভর্তির পর আইভীর ইসিজি পরীক্ষা করা হয় এবং এই রিপোর্ট ভালো আসার পর দুশ্চিন্তামুক্ত হন চিকিৎসকরা। তাকে বিশ্রামের পরামর্শ দেন তারা।
উল্লেখ্য, ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে ১৬ জানুয়ারি বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এদিন দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।এ সময় মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়।