
নিজস্ব প্রতিবেদক :
নতুন বছরের শুরুতেই প্রায় সব বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আবার অনেক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ তো ইতোমধ্যে বনভোজনও সম্পন্ন করেছেন। তবে এতো কিছু করার সামর্থ না থাকলেও সাদামাটা আয়োজনে একটি উৎসব-মুখর দিন উপহার দিতে সক্ষম হয়েছে সদর উপজেলার ফরাশগঞ্জ গ্রামের ডা. মোমতাজ উদ্দিন আলোকিত স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। ঝরে পড়া ও দরিদ্র শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আরিফ চৌধুরী শুভ তার ব্যক্তিগত উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
বৃহস্পতিবার সারাদিন উৎসব আমেজে মেতে ছিল আলোকিত স্কুলের শিক্ষার্থীরা। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিকাল ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুরের প্রাক্তণ সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফ। ডা. মোমতাজ উদ্দিন আলোকিত স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এবিএম নোমান উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক খন্দকার ইউসূফ।