আকাশবার্তা ডেস্ক :
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদন্ড পেয়ে কারাগারে থাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে যোগ দিতে গিয়ে নয়াপল্টনের কার্যালয়ে সামনে জড়ো হওয়া নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার আগে কালো পতাকা প্রদর্শন কর্মসূচির কিছু আগে পুলিশ তাদের লাঠিপেটা করে।
খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে শনিবার ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচি দিয়েছিল বিএনপি।
সকাল ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নিতে বিএনপি নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়ে ছিল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি ছিলেন সেখানে। সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ কর্মীরা কার্যালয়ের সামনে সড়কে কালো পতাকা নিয়ে বসে পড়েন। খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান শুরু করেন তারা।
এর আগে থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশে বিপুল পুলিশসহ সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা অবস্থান নিয়ে ছিল জলকামানের গাড়ি ও সাজোঁয়া যান নিয়ে। বিএনপিকর্মীরা সড়কে অবস্থান নেওয়ার সঙ্গে সঙ্গে লাঠিপেটা শুরু করে পুলিশ, জলকামান থেকে রঙিন পানিও ছুড়তে থাকে।
লাঠিপেটায় ফজূলুল হক মিলন ও মনি আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ১১ জনকে আটক করে পুলিশের ভ্যানে তুলতেও দেখা যায়। রঙিন পানিতে আক্রান্ত বিএনপি মহাসচিবসহ অন্য নেতারা দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে আছেন। ভেতর থেকে স্লোগান দিচ্ছেন কর্মীরা। কার্যালয়ের বাইরে যে প্যান্ডেল করা হয়েছিল, তা পুলিশ ভেঙে দিয়েছে। কালো পতাকাগুলো ছড়িয়ে পড়ে আছে সড়কের বিভিন্ন স্থানে। আশপাশের গলিতে আশ্রয় নেওয়া বিএনপি কর্মীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাদিয়া পাঠান পাপন জানান, কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের জন্য সকাল ১০টার পর মহিলা দল ও ছাত্রদলের নারী কর্মীসহ নেতাকর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। কিছুক্ষণ পর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে পুলিশ নেতাকর্মীদের উপর লাঠিপেটা শুরু করে। এ সময় জলকামান থেকে ছোড়া হয় গরম পানি। এতে মির্জা ফখরুলসহ দলটির অনেক নেতাকর্মী ভিজে যান। পুলিশ নেতাকর্মীদের বেধড়ক পেটান বলে অভিযোগ করেন তিনি। এছাড়া বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে জনসভার অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদন্ড দেন আদালত।রায়ে আসামিদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করেন। রায়ের দিন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। এখন পর্যন্ত কারাগারেই রয়েছেন খালেদা জিয়া।
সূত্র : এএইচ/আমার সংবাদ