আকাশবার্তা ডেস্ক :
বাংলাদেশে সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠানভিত্তিক টিভি চ্যানেলের বিপ্লব ঘটেছে। একইসঙ্গে এফএম রেডিও চলছে সমানতালে। কিন্তু পর্যটন নিয়ে কোনো টিভি চ্যানেল এবং রেডিও নেই। বিশ্বের বিভিন্ন দেশ পর্যটনভিত্তিক আলাদা টিভি চ্যানেল ও রেডিও দিয়ে তাদের পর্যটন খাতকে এগিয়ে নিয়ে গেছে। তাই বাংলাদেশ পর্যটন করপোরেশন দেশের এ খাতকে এগিয়ে নিতে, বিশ্বের বুকে বিউটিফুল বাংলাদেশকে তুলে ধরতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ডবল ডিজিটে উন্নীতকরণের লক্ষ্যে ‘পর্যটন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম চ্যানেল (পিটিটিসি) এবং পর্যটন এফএম রেডিও (পিএফএমআর) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
এ লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন থেকে একটি প্রস্তাবনা বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিবের কাছে উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, জাতীয় পর্যটন নীতিমালা-২০১০ এর আওতায় দেশের ট্যুরিজম সেক্টর একটা অবস্থানে দাঁড়িয়েছে। নানা ধরনের আকর্ষণীয় স্পট, ঐতিহাসিক স্থাপনা ও স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও সঠিক প্রচারণার অভাবে দেশের পর্যটন শিল্প এখনও সন্তোষজনক পর্যায়ে পৌঁছেনি। তবে দেশীয় ও বিদেশি ভ্রমণকারীদের বিশেষ করে পর্যটন খাতের আয়ে প্রবৃদ্ধি ডবল ডিজিটে উন্নীত করা সম্ভব। পৃথিবীর অন্যান্য দেশ ইতোমধ্যে প্রচার ও প্রকাশনার মাধ্যমে প্রবৃদ্ধি ডবল ডিজিটে নিয়ে গেছে। যা সম্ভব হয়েছে ট্যুরিজম চ্যানেল ও রেডিও স্টেশন স্থাপনের মাধ্যমে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রচারণা ও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে দেশি ও বিদেশি পর্যটকদের ভ্রমণে অন্তর্ভুক্ত করতে পেরেছে। কিন্তু বাংলাদেশ পর্যটন করপোরেশনকে যদি প্রতিযোগিতামূলক পর্যটনে যেতে হয় তাহলে পর্যটন সংক্রান্ত টিভি চ্যানেল ও রেডিও স্টেশন স্থাপনের প্রয়োজন রয়েছে। আর এখন যুগটাই হলো প্রচার ও প্রচারণার। ব্যাপকভিত্তিক ট্যুরিজমের প্রচারণা, সরকারের উদ্দেশ্য, ট্যুরিজম সংক্রান্ত প্রোগ্রামের উন্নতি অর্জন এবং বিশ্বব্যাপী পর্যটন সংক্রান্ত সংবাদ প্রচার এই টিভি এবং রেডিও স্টেশন স্থাপনের উদ্দেশ্য।
এছাড়া বাংলাদেশের বিভিন্ন আকর্ষণীয় স্থান দেখানো, দেশের জনগণকে দেশ সম্পর্কে জানানো, পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা, পর্যটন করপোরেশনকে লাভজনক করা, ট্যুরিজম শিল্পের জন্য মৌলিক প্রোগ্রাম তৈরি, বিশ্বব্যাপী ট্যুরিজমের ক্ষেত্রে বাংলাদেশকে তুলে ধরা এবং দেশের ইমেজ বৃদ্ধি করাই এই চ্যানেল ও স্টেশনের উদ্দেশ্য। ‘পর্যচন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম চ্যানেল (পিটিটিসি)’ এবং ‘পর্যটন এফএম রেডিও (পিএফএমআর)’ এর মালিকানধীন প্রতিষ্ঠান হবে বাংলাদেশ পর্যটন করপোরেশন। এই টিভি ও রেডিও স্টেশন বাণিজ্যিকভিত্তিতে পরিচালনা করবে পর্যটন করপোরেশন। বিজ্ঞাপন, স্পন্সর, এয়ারলাইন্স এজেন্সিজ, ট্যুর কোম্পানি এবং সরকারের বিজ্ঞাপন পলিসি থেকে ব্যায় মেটানো হবে। স্টেশন দুটির প্রধান অফিস হবে ঢাকায়, দ্বিতীয় পর্যায়ে তা চট্টগ্রাম ও রাজশাহীতে হবে।
প্রথম পর্যায়ে ঢাকায় টিভি চ্যানেল স্থাপনের জন্য ১০ কোটি এবং রেডিও স্টেশনের জন্য ৩ কোটি সর্বমোট ১৩ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এই দুটি স্টেশনের অনুষ্ঠানের মাধ্যমে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে। বিউটিফুল বাংলাদেশকে দেখানো হবে। ভ্রমণ জাতীয় নাটক, সিনেমা প্রচার, ট্যুরিজম টক শো, ভ্রমণ ও পর্যটন সংবাদ, শিশু পর্যটন সংবাদ. প্রতিবন্ধীদের জন্য পর্যটন অনুষ্ঠান, ভ্রমণ স্বাস্থ্যের জন্য উপকার এবং পর্যটন সম্পর্কীয় দিবস উদযাপন ইত্যাদি প্রচার করা হবে এই নতুন পর্যটন টিভি ও রেডিওতে।
বাংলাদেশে অনেক টিভি চ্যানেল ও রেডিও রয়েছে কিন্ত পর্যটনের জন্য আলাদা কোনো টিভি চ্যানেল ও রেডিও স্টেশন নাই। কাজেই পর্যটনের ক্ষেত্রে টিভি ও রেডিও স্টেশনের প্রয়োজন রয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন এর মাধ্যমে লাভবান হতে পারবে যা দেশের পর্যটন সেক্টরের উন্নয়নে কাজে লাগবে। তাই এই প্রস্তাব বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় গ্রহণ করলে তা লাইসেন্স প্রদানের জন্য তথ্য মন্ত্রণালয়ে পাঠানো যেতে পারে। লাইসেন্স পেলে পর্যটন করপোরেশন অফিস স্থাপন, জনবল নিয়োগ ও প্রোগ্রাম তৈরি করবে। এরপর টিভি ও রেডিও দুটি কয়েকমাসের জন্য পরীক্ষামূলক সম্প্রচারে যাবে। ৬ মাস পর এই টিভি ও রেডিও পুরোদমে সম্প্রচারে আসবে।