প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটি প্রচার করা হয়েছে। গত কয়েক মাস থেকে উপজেলা মহিলা আওয়ামীলীগ দুই ভাগে বিভক্ত। এক পক্ষ সাবেক সভাপতি সাবিহা সুলতানা বাণী অপরপক্ষ সাধারণ সম্পাদক সাজেদা আক্তার সুমি। তবে অভ্যন্তরীণ কোন্দল নিরসনে দলের পক্ষ থেকে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। অবশেষে পাল্টাপাল্টি কমিটিতে দ্বন্দ্ব ও কোন্দল আরও স্পষ্ট হয়ে উঠেছে। নবগঠিত কমিটির একটিতে স্বাক্ষর করেছেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বীনা রহমান বীনা অপরটিতে স্বাক্ষর করেছেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুরাইয়া আক্তার।
কমলনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের একপক্ষের সভাপতি দাবিদার সাবিহা সুলতানা বাণী অপরপক্ষের সভাপতি সাজেদা আক্তার সুমি ও তাদের সমর্থকরা ফেসবুকে পাল্লা দিয়ে নতুন কমিটি প্রচার করছেন। নেপথ্যে থেকে একজন নেতা কলকাঠি নাড়াচ্ছেন বলে শুনা যাচ্ছে।
রোববার (৯ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বীনা রহমান বীনা, স্বাক্ষরিত ‘উপজেলা মহিলা আওয়ামী লীগের একটি কার্যকরী কমিটি’ সাবিহা সুলতানা বাণী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। ওই কমিটিতে সাবিহা সুলতানা বাণী সভাপতি, দিলারা বেগম লিপিকে সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ২৬ জনের নাম দেখা যায়।
পরদিন, সোমবার (১০ এপ্রিল) দুপুরে কমলনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজেদা আক্তার সুমী পাল্টা কমিটি ফেসবুকে পোস্ট দেন এবং স্থানীয় সাংবাদিকদের কাছে কমিটির একটি কপি পৌঁছান।
লক্ষ্মীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুরাইয়া আক্তার স্বাক্ষরিত পাল্টা কমিটিতে সাজেদা আক্তার সুমি সভাপতি, খাদিজা পারভিন নাজমা সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ৫১ জনের নাম উল্লেখ করা হয়।
সাজেদা আক্তার সুমি বলেন, ছাত্রজীবন থেকে রাজনীতি করি। ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দল ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছি। মহিলা আওয়ামী লীগের দায়িত্ব পাওয়ার পর থেকে সংগঠন ও নারী উন্নয়নে কাজ করে আসছি। অসহায় নারীদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু বারবার দল পরিবর্তন করা কেউ এসে টাকা দিয়ে পদ কিনে যাতে দলের শৃঙ্খলা নষ্ট করতে না পারে না যে দিকে নেতাদের সজাগ থাকার অনুরোধ করছি।