নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে ৩ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দসহ দুই যুবককে আটক করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। শনিবার বিকালে তাদেরকে চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশের দাবি, আটক দুই যুবক মাদক ব্যবসায়ী। তারা হলো, লক্ষ্মীপুর সদরের ফতেহ ধর্মপুর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে মো. আনিছুর রহমান (২১) ও কুমিল্লা জেলার তিতাস থানাধীন ওমরপুর গ্রামের রেনু ভূঁইয়ার ছেলে মোশারফ হোসেন (২৮)। এরআগে ভোররাতে চন্দ্রগঞ্জস্থ কফিল উদ্দিন ডিগ্রী কলেজের সামনে মহাসড়কে যানবাহন তল্লাশীকালে তাদের আটক করা হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানাধীন কফিল উদ্দিন ডিগ্রী কলেজের সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ভোর ৪টার দিকে তল্লাশী চেকপোষ্ট বসানো হয়। এ সময় সন্দেহজনক প্রাইভেট কারটির (ঢাকা মেট্রো-গ-২৬-৩৮০১) গতিরোধ করে তল্লাশী চালালে ড্রাইভারের সীটের নীচ থেকে খাকি রংয়ের কাগজ মোড়ানো প্যাকেট খুলে ২শ’ পিসের প্লাষ্টিকের ১৫টি প্যাকেট থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং প্রাইভেট কারসহ ওই দুই যুবককে আটক করা হয়। পরে আটক ওই দুই যুবককে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।