আকাশবার্তা ডেস্ক :
বৃহস্পতিবার (০৩মে) সকালে গুলিতে নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলায় ৫ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন।
শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ওই ব্যক্তিরা খাগড়াছড়ি থেকে শুক্রবার (০৪মে) রাঙামাটির নানিয়ারচর আসছিলেন। শেষকৃত্য স্থলে আসার পথে খালিয়াজুড়ি নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। নিহত লোকজনের মধ্য একজন তপন জ্যোতি চাকমা। তিনি ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের আহ্বায়ক। অন্য চারজন হলেন – সুজন চাকমা, প্রণব চাকমা, সেতু চাকমা ও তাঁদের বহনকারী মাইক্রোবাসের চালক মো. সজীব।
রাঙামাটি জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে তিনজন আর হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান। আহত লোকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কারা হামলাকারী, সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
প্রসঙ্গত, শক্তিমান চাকমাকে গতকাল বৃহস্পতিবার (০৩মে) নানিয়ারচর উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। নিহত শক্তিমান চাকমা উপজেলা পরিষদ চত্বরের বাসভবনে থাকতেন।