নিজস্ব প্রতিবেদক :
হাইড্রোজ ও বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে সুপারী রং করার সময় হাতেনাতে বেলাল (৬৮) ও বাবুল (৪০) নামে দুই শ্রমিককে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৬৫ বস্তা কেমিক্যাল মিশ্রিত সুপারী জব্দ করা হয়।
আটককৃত বেলাল উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ও বাবুল চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
বুধবার রাতে আটককৃত দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত সুপারী রোলার দিয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাজাহান আলী।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাজাহান আলী বলেন, সুপারীতে ক্ষতিকারক কেমিক্যাল মিশানোর খবর পেয়ে বিকালে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে হাতেনাতে বেলাল ও ইদ্রিস নামে দুজনকে আটক করা হয়। এ সময় প্রায় ৩ লক্ষ টাকার বিষাক্ত সুপারী জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত সুপারী বিনষ্ট ও আটককৃতদের ৫০ হাজার টাকা জরিমানা করার পর ভবিষ্যৎ এ ধরণের কাজ করবেনা মর্মে তারা মুচলেকা দেয়। তবে মালিকপক্ষের কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।