আকাশবার্তা ডেস্ক :
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের সময় দেশে নারীদের অধিকার বলে কিছু ছিল না। খালেদা-এরশাদের শাসনামলে নারীদের মুখে এসিড মারা হতো।
শুক্রবার (২৭ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মহিলা লীগ আয়োজিত নারী সমাবেশে এ মন্তব্য করেন আইনমন্ত্রী ।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল নারী সমাবেশে আগত সকল নারীদের কে উদ্দেশ্যে করে বলেন, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, আমাদের দেশের স্পীকার একজন নারী, আমাদের দেশের সংসদের উপনেতা একজন নারী, আমাদের দেশের সংসদের বিরোধী দলীয় নেতা একজন নারী, নারীর ক্ষমতায়নে সারা বিশ্বে বাংলাদেশ এখন ৫টা দেশের মধ্যে একটা দেশ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। তিনি তার কাজ দিয়ে দেশকে সমৃদ্ধ করছেন। আর বিএনপি নেত্রী বিখ্যাত হয়েছেন এতিমের টাকা চুরি করে। তার দুই ছেলেই দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছেন।
তিনি আরও বলেন, জামায়াতের তাণ্ডব দেশবাসী অতীতে দেখেছে। তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। এটি তাদের দেশ নয়, তাদের দেশ সেই জঙ্গিদের দেশ।
আখাউড়া মহিলা লীগের সভানেত্রী মঞ্জুরা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌরসভার মেয়র
তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আবুল কাসেম ভূইয়া প্রমুখ। নারী সমাবেশে সঞ্চালনা করেন- উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. পিয়ারা বেগম পিওনা।