ক্রীড়া প্রতিবেদক :
এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপতে পড়ে যায় টাইগাররা। প্রথম ওভারেই দুইটি উইকেট হারায় বাংলাদেশ। সাজঘরে ফিরে গেলেন লিটন দাস ও সাকিব আল হাসান। লাসিথ মালিঙ্গার করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে স্লিপে কুসল মেন্ডিসের হাতে ধরা পড়েছেন লিটন দাস। পরের বলে বোল্ড হয়েছেন সাকিব আল হাসান। চার বল খেলে শূন্য রান করেছেন লিটন দাস। আর এক বল খেলে শূন্য রান করেছেন সাকিব আল হাসান। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে ৪ ওভার শেষে ৬ রান করেছে বাংলাদেশ।
টাইগারদের ওপেনার তামিম ইকবালের সঙ্গী হন লিটন দাস। প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পেসার লাসিথ মালিঙ্গা ইনিংসের প্রথম ওভারেই লিটনকে ফিরিয়ে দেন। পঞ্চম বলে স্লিপে মেন্ডিসের হাতে বল জমা পড়ার আগে লিটনের ব্যাট থেকে কোনো রানই আসেনি। প্রথম ওভারের শেষ বলে সাকিবকে বোল্ড করেন মালিঙ্গা। দলীয় ১ রানের মাথায় বাংলাদেশ ২ উইকেট হারায়।
১৯৮৬ সালে প্রথম এশিয়া কাপে অংশ নেয় বাংলাদেশ। ২০১০ সাল পর্যন্ত ৯ বার এশিয়া কাপ খেলেছে টাইগাররা। কাঙ্খিত সাফল্যের জন্য সর্বোচ্চ চেষ্টাও করেছে। কিন্তু কোনবারই ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। অবশেষে ২০১২ সালে বাংলাদেশের মনের আশা পূরণ হয়। ফাইনালে খেলে তারা। কিন্তু রানার্স-আপ হয়েই শান্ত থাকতে হয় টাইগারদের। পরের আসরে আবারো ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে বাংলাদেশ। তবে ব্যর্থতার ষোলোকলা পরের আসরেই মুছে ফেলে টাইগাররা। মাশরাফির নেতৃত্বে আবারো এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু এবারও ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। এবার ভারতের কাছে হার মেনে দ্বিতীয়বারের মত রানার্স-আপ হয় টাইগাররা।
তবে এবার পুরনো দুঃখ ভুলে যেতে চায় বাংলাদেশ। অতীতের ভালো পারফরমেন্স বাংলাদেশকে অনুপ্রেরণা দিবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এশিয়া কাপে খেলতে নামার আগে তিনি বলেন, ‘গেল তিন আসরের দু’টিতে আমরা ফাইনাল খেলেছি। তাই এশিয়া কাপে আমাদের বেশকিছু ভালো স্মৃতি হয়েছে। এছাড়া এশিয়ার মধ্যে আমরা অন্যতম শক্তিশালী দল। র্যাংকিং হিসেবে আমরা তৃতীয়স্থানে রয়েছি। তাই এসব সুখস্মৃতি ও অর্জন আসন্ন ১৪তম আসরে ভালো খেলতে আমাদের অনুপ্রেরণা যোগাবে।’’ওয়ানডেতে এখন পর্যন্ত ৪৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। জয়ের পাল্লায় এগিয়ে লংকানরা। ৩৬টি ম্যাচ জিতেছে তারা। বাংলাদেশের জয় ৬টি।
এশিয়া কাপের মূল সম্প্রচার স্বত্ব স্টার ইন্ডিয়ার। তাদের কাছ থেকে টিভি রাইটস নিয়ে বাংলাদেশে এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি ও চ্যানেল নাইন। এছাড়া ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস ও দুরদর্শনের পর্দায়ও দেখা যাবে এশিয়া কাপের সব ম্যাচ। অনলাইনে সরাসরি এশিয়া কাপের ম্যাচ দেখা যাচ্ছে র্যাবিটহোল বিডি youtu.be/U6yck2NOd14 নামের ইউটিউব চ্যানেলে। এছাড়া র্যাবিটহোলবিডি (Rabbitholebd) নামের অ্যাপটি ডাউনলোড করে সরাসরি দেখা যাচ্ছে এশিয়া কাপ।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের একাদশ-
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, আপোনসো, সুরাঙ্গা লাকমল ও লাসিথ মালিঙ্গা।