আকাশবার্তা ডেস্ক :
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে গুলশান থানায় রাখা হয়েছে।
কি কারণে বিএনপির এ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু বলেনি পুলিশ।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইয়েংর সদস্য শামসুদ্দিন দিদার তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বিএনপি নেতা সোহেলকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি অবিলম্বে সোহেলের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।
সন্ধ্যায় গুলশান থেকে সোহেলকে গ্রেপ্তারের পর রাত ৯টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে তিনি এ নিন্দা জানান।
রিজভী বলেন, সোহেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। দেশব্যাপী চলমান পাইকারি মামলা-হামলা-গ্রেফতারের ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী মহাজোট সরকার এখন পতনের ভয়ে শঙ্কিত ও আতঙ্কিত। অবৈধ সরকারের নির্মমতায় জনগণ ফুঁসে উঠেছে। সরকার প্রস্থানপথ খোঁজার জন্যই সারাদেশ নিঃশব্দ করে কারাগারগুলোতে ঠেসে ঢোকানো হচ্ছে বিরোধী নেতাকর্মীদের।
সূত্র : দৈনিক আমার সংবাদ